বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

পাচারকৃত অর্থ ফেরাতে ২৩ দেশে এমএলএআর পাঠানো হয়েছে: অর্থমন্ত্রী


বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার জোরদার উদ্যোগ নিয়েছে। এ পর্যন্ত ২৩টি দেশে পারস্পরিক আইনগত সহায়তা চেয়ে এমএলএআর পাঠানো হয়েছে, আরও ২১টি পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

২২ এপ্রিল ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ণ 

পাচারকৃত অর্থ ফেরাতে ২৩ দেশে এমএলএআর পাঠানো হয়েছে: অর্থমন্ত্রী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক পর্যায়ে তৎপরতা বাড়িয়েছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে ২৩টি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে এবং আরও ২১টি দেশে এ ধরনের অনুরোধ পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধী দলীয় সদস্যের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা এবং ভবিষ্যতে অর্থপাচার রোধে বাংলাদেশ ব্যাংক-এর গভর্নরের সভাপতিত্বে ১২ সদস্যবিশিষ্ট একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী জাতীয় গুরুত্ব বিবেচনায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় ১১টি অগ্রাধিকারপ্রাপ্ত মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলার অনুসন্ধান ও তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন-এর নেতৃত্বে একাধিক সংস্থার সমন্বয়ে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (জেআইটি) গঠন করা হয়েছে। এই জেআইটিতে সহযোগিতা করছে বাংলাদেশ পুলিশ-এর সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ড-এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর

অর্থমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব নয়। তাই বিভিন্ন দেশের সঙ্গে আইনগত সহায়তা বিনিময়ের মাধ্যমে অর্থ উদ্ধারের কার্যক্রম জোরদার করা হয়েছে।