শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মৈত্রী পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল


বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে আসা এই জ্বালানি পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

১১ এপ্রিল ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ 

মৈত্রী পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শনিবার (১১ এপ্রিল) মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এর ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৭ এপ্রিল মধ্যরাত থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। শুক্রবার মধ্যরাতে পুরো চালান অর্থাৎ ৮ হাজার মেট্রিক টন ডিজেল পদ্মা অয়েল পিএলসি-এর পার্বতীপুর ডিপোতে পৌঁছে যায়। বর্তমানে এই ডিজেল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ১৭ এপ্রিল আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির লক্ষ্যে পাম্পিং কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

এদিকে পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) মো. আহসান হাবিব চৌধুরী জানান, শুক্রবার (১০ এপ্রিল) মধ্যরাতে ডিপোতে ৮ হাজার মেট্রিক টন ডিজেলের চালান পৌঁছেছে এবং বর্তমানে ডিপোতে পর্যাপ্ত মজুত রয়েছে। এর আগে, ১১ ও ২৩ মার্চ দুই দফায় ৫ হাজার করে মোট ১০ হাজার মেট্রিক টন এবং ১ এপ্রিল আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে দেশে আসে। সর্বশেষ চালানসহ চার দফায় মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে।

উল্লেখ্য, ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি থেকে ২০২১ সাল থেকে মৈত্রী পাইপলাইনের মাধ্যমে নিয়মিতভাবে পরিশোধিত ডিজেল বাংলাদেশে আমদানি করা হচ্ছে। সূত্র: বাসস।