রবিবার, ৮ মার্চ, ২০২৬

ছিনতাইয়ের পর সরকারি কর্মচারিকে শপথ করালো ডাকাত দল!


ডেস্ক সংবাদ, আজকের প্রসঙ্গ

১৪ ডিসেম্বর ২০২৩, ৪:৫১ অপরাহ্ণ 

ছিনতাইয়ের পর সরকারি কর্মচারিকে শপথ করালো ডাকাত দল!
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

প্রাইভেট কার নিয়ে ঘুরতে থাকেন তারা। খুঁজতে থাকেন যাত্রী। অল্প টাকায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে গাড়িতে তোলার পর প্রকাশ পায় আসল চেহারা। তারা মূলত ছিনতাইকারী। এমন একটি চক্রের পাঁচ সদস্যকে রাজধানীসহ আশপাশের এলাকা থেকে গ্রেফতারের পর পুলিশ বলছে, এরা আন্ত:জেলা সংঘবদ্ধ চক্রের সদস্য।

আতাউর রহমান একজন সরকারি কর্মচারি। গত ২৭ নভেম্বর বিকেলে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন ঢাকার বাসের জন্য ৷ হঠাৎ একটি প্রাইভেট কার এসে থামে তার সামনে৷ চালক জানান, চাইলে ওই গাড়িতে করেই ঢাকায় যেতে পারেন তিনি। সরল বিশ্বাসে তিনি উঠেন প্রাইভেট কারটিতে। গাড়িতে আগে থেকেই ছিলেন চালকসহ চারজন।

১০ মিনিট পর আসল চেহারা প্রকাশ পায় সহযাত্রীদের। হাত-পা বেঁধে আতাউরকে তারা মারধর শুরু করেন। সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার পাশাপাশি স্বজনদের কাছ থেকে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আরও আদায় করে ২ লাখ টাকা। তিন ঘণ্টা পর তাকে নামিয়ে দেয়া হয় গাজিপুরের কোনাবাড়ি এলাকায়।

আতাউর রহমান ঘটনার বর্ণনা দিয়ে বলেন, টাকা নেয়ার পর তাদের একজন বলে, দেখ আমরা তো কাউরে ছাড়ি না, মাইরা ফালাই। তুই ভালো মানুষ। তরে ছাইড়া দিমু। কিন্তু তুই কোনো চিল্লাচিল্লি করতে পারবি না। পেছনে আমাগো গাড়ি আছে আরেকটা।

এসময় কাউকে কিছু না জানানোর জন্য শপথ করানো হয় বলেও জানান এই সরকারি কর্মচারি।

আতাউর রহমানের মতো একই পরিণতি হয়েছিল গোলাম মোস্তফারও। তিনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, নখ উপড়ে ফেলছে। মারধর করে পায়ের হাড় ভেঙে ফেলছে। আমি ঢাকা মেডিকেলে তিন দিন ভর্তি ছিলাম।

ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ চক্রটির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে। পুলিশ বলছে, সাভার, ধামরাই, আশুলিয়া এলাকা নয়, ঢাকার আশপাশের কয়েকটি জেলায় চক্রটি সক্রিয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খান জানান, তারা ঢাকার বাইরের বিভিন্ন পয়েন্টে বেশ সক্রিয় এবং টাকা উত্তোলন করে বিভিন্ন জায়গা থেকে। এমনকি তারা নিজস্ব কোনো ফোনও ব্যবহার করে না। এজন্য তাদের ট্রেস করা কঠিন হয়েছে।

সড়কে টহল আরও জোরদার করার পাশাপাশি এ ধরনের পরিবহনে যাত্রী হিসেবে না উঠার পরামর্শ এই পুলিশ কর্মকর্তার। প্রাইভেট কারে যাত্রী তুলে ডাকাতি করা চক্রটির সদস্যরা সংঘবদ্ধ অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা আছে একাধিক।