মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনাল। বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

৫ মার্চ ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ 

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আসনের প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এ নির্দেশ দেন। বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের করা আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট হাসানুল আলম। আদালতে কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হাসানুল আলম। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট।

তিন উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি। ভোটের ফল ঘোষণার পর কিছু কেন্দ্রের ফলাফল নিয়ে আপত্তি তুলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণ। প্রতিকার না পেয়ে তিনি হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত আজ ভোট পুনর্গণনার নির্দেশ দেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতেই জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। এর মধ্যে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আব্দুল আলিম জয়ী হন। অন্যদিকে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির প্রার্থী শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন।