মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী আমীর খসরু


দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বৃদ্ধি ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়, তাই দেশি-বিদেশি বিনিয়োগে সরকার গুরুত্ব দিচ্ছে।

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২২ অপরাহ্ণ 

নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী আমীর খসরু
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সম্প্রসারণ সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। এজন্য দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার জোর দিচ্ছে। আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

বিকেল ৩টায় মন্ত্রী বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পার্শ্বে অবস্থিত মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে যান। সেখানে পতেঙ্গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নৌবাহিনীর অধিগ্রহণকৃত মোট ১৪ দশমিক ২১৯০ একর এবং ২ দশমিক ৭ একর জমি সরেজমিনে ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থান, ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। এ সময় অধিনায়ক বানৌজা উল্কা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসক কার্যালয় এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।