শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

আজ থেকে পবিত্র রমজান শুরু


বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিয়াম সাধনা। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে সারা দেশে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর।

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ 

আজ থেকে পবিত্র রমজান শুরু
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বুধবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। পরে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দেয়। ফলে আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হয়েছে মাহে রমজানের রোজা।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, চাঁদ দেখার ভিত্তিতে বৃহস্পতিবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর।

গতকাল রাতে এশার নামাজের পর দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জামাতে তারাবিহ নামাজ আদায় করেন। তারাবিহ নামাজ আদায়ের মধ্য দিয়েই মূলত রোজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোররাতে সাহ্‌রি গ্রহণ করে মুসলমানরা সিয়াম পালনের নিয়ত করেন।

এদিকে পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবিহ নামাজ আদায়ের অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারাবিহ নামাজে কোরআন তিলাওয়াতের পারা সংখ্যায় ভিন্নতা দূর করতে নির্দিষ্ট একটি পদ্ধতি অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

ফাউন্ডেশনের প্রস্তাব অনুযায়ী, রমজানের প্রথম ছয় দিনে দেড় পারা করে মোট ৯ পারা এবং বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তিলাওয়াতের মাধ্যমে ২৭ রমজান রাতে পবিত্র কোরআন খতম সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।

রমজান মাসে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের লক্ষ্যে রোজা পালনের পাশাপাশি তারা বেশি বেশি কোরআন তিলাওয়াত, নফল ইবাদত, দান-সদকা ও মানবসেবায় আত্মনিয়োগ করেন।

ইসলামে রমজান মাসকে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে অভিহিত করা হয়েছে। এ মাসেই পবিত্র কোরআন নাজিল হয়, যা মুসলমানদের জন্য হেদায়েতের দিশারী।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতকাতার-এ বুধবার থেকেই রোজা শুরু হয়েছে। আর মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় ওমানসহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান ও সিঙ্গাপুরে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হয়েছে।