শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

নির্বাচনের ফল ঘোষণা বিলম্বের কোনো কারণ নেই: ইসি সচিব


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা বিলম্বিত হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রতিটি ব্যালট গণনা শেষে ভোটগ্রহণের পরদিন সকাল ১০টার মধ্যেই সব আসনের ভোট গণনা সম্পন্ন করা হবে।

৯ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ 

নির্বাচনের ফল ঘোষণা বিলম্বের কোনো কারণ নেই: ইসি সচিব
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। ভোটগ্রহণ শেষে প্রতিটি ব্যালট যথাযথভাবে গণনা করা হবে এবং পরদিন সকাল ১০টার মধ্যেই সব আসনের ভোট গণনা সম্পন্ন হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসি সচিব। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুক্রবার সকাল ১০টার মধ্যে ভোট গণনার কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গণভোটের কারণে ভোট গণনায় তিন থেকে পাঁচ দিন সময় লাগবে- এমন প্রচারণা প্রসঙ্গে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, “ভোট গণনা শেষ করতে পাঁচ দিন সময় লাগার কোনো সম্ভাবনা নেই। প্রতিটি ব্যালট যথাযথভাবে গণনা করতে কিছুটা সময় লাগবে ঠিকই, তবে সব আসনে ভোটার সংখ্যা সমান নয়। তা ছাড়া কর্মকর্তারা দ্রুত ভোট গণনায় আগ্রহী- কেউ ব্যালট নিয়ে বসে থাকবে না।”

তিনি আরও বলেন, “ভোট নিয়ে এখন আর কোনো শঙ্কা নেই। নির্বাচনের জন্য সময় সীমিত। আগামীকাল সকাল থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা বন্ধ রাখতে ব্যবস্থা নেওয়া হবে এবং ডিজিটাল প্রচারণা নিবিড়ভাবে মনিটর করা হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ইসি সচিব বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে এবং মারাত্মক কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নির্বাচনি সহিংসতায় দুটি প্রাণহানির ঘটনাকে তিনি ‘দুঃখজনক ও নিন্দনীয়’ বলে উল্লেখ করেন।

রাজনৈতিক নেতাদের বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “মিছিল ও সভায় বক্তব্য ও পাল্টা বক্তব্য নির্বাচনের অংশ। এখন পর্যন্ত এসব বক্তব্য শালীনতার মধ্যেই রয়েছে বলে আমরা মনে করি।”