শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

কেন্দ্র দখল হলে কাউকে ছাড় নয়, ভিডিও দেখে অপরাধী ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোথাও কেন্দ্র দখলের ঘটনা ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে যেকোনো সময় আইনের আওতায় আনা হবে।

২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২১ অপরাহ্ণ 

কেন্দ্র দখল হলে কাউকে ছাড় নয়, ভিডিও দেখে অপরাধী ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে যদি দেশের কোথাও কেন্দ্র দখলের চেষ্টা হয়, তাহলে কেউই ছাড় পাবে না। তিন দিন বা চার দিন পর হলেও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরীর সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সবার সহযোগিতায় এবারের নির্বাচন খুবই শান্তিপূর্ণ হবে। নির্বাচনকালে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।

শেরপুরের ঝিনাইগাতিতে জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হওয়ার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং যারা দায়ী, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। দুষ্কৃতকারীরা অনেক সময় ঘটনা ঘটিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এতে সময় লাগলেও শেষ পর্যন্ত তাদের ধরা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে। কোনো ধরনের সহিংসতা, অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

তিনি জানান, নির্বাচন উপলক্ষে পুলিশের জন্য ২৫ হাজার ৭০০টি বডি ক্যাম সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি ড্রোন, সুরক্ষা অ্যাপসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এরপরও কেউ যদি কোনো অনিয়মের চেষ্টা করে, সে ভাই হোক বা বোন—কেউই ছাড় পাবে না।

নির্বাচনে সারাদেশে প্রায় এক লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, ১০ হাজার র‍্যাব, ৫ হাজার নৌবাহিনী, ৩৭ হাজার বিজিবি, ৫ হাজার কোস্টগার্ড এবং প্রায় ছয় লাখ আনসার সদস্য মোতায়েন থাকবেন বলে জানান তিনি। এ ছাড়া বিএনসিসি সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু অবৈধ অস্ত্র নয়, বৈধ অস্ত্রও এখনো বাইরে রয়েছে। বিভিন্ন থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখনও উদ্ধার হয়নি। তবে উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্রের সংখ্যা বাড়ছে। তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন শান্তিপূর্ণ হবে।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, এবারের নির্বাচনে সাংবাদিকদের পোলিং সেন্টারের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ফলে সংবাদ সংগ্রহে কোনো সমস্যা হবে না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়াসহ ময়মনসিংহ বিভাগের চার জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।