বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মনোনয়ন বাছাই শেষ: ৭২৩ প্রার্থীর আবেদন বাতিল, বৈধ ১,৮৪২


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রক্রিয়া শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশে জমা পড়া ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন ত্রুটি ও আইনি জটিলতায় বাতিল হয়েছে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র।

৫ জানুয়ারী ২০২৬, ১:০০ অপরাহ্ণ 

মনোনয়ন বাছাই শেষ: ৭২৩ প্রার্থীর আবেদন বাতিল, বৈধ ১,৮৪২
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্যমতে, সারাদেশের ৩০০টি সংসদীয় আসনে জমা পড়া মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, বিভিন্ন ত্রুটি ও আইনি জটিলতার কারণে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, যা মোট প্রার্থীর প্রায় ২৮ শতাংশ।

ইসির তথ্য অনুযায়ী, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় পার্টির ৫৯ জন, ইসলামি আন্দোলন বাংলাদেশের ৩৯ জন এবং বিএনপি ও সিপিবির ২৫ জন করে প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া জামায়াতে ইসলামীর ১০ জন এবং এনসিপির ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বাতিলের সংখ্যা সবচেয়ে বেশি- ৩৩৮ জন।

বিএনপির ক্ষেত্রে অধিকাংশ প্রার্থীর মনোনয়ন বাতিলের কারণ হিসেবে দলীয় অনুমোদন না থাকা অথবা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করার বিষয়টি উল্লেখ করেছে নির্বাচন কমিশন।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে তিনটি আসনে- ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ মনোনয়নপত্র জমা দেওয়া হলেও গত ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যুর কারণে এসব আসন যাচাই-বাছাইয়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

অন্যদিকে, কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতে ইসলামীর মাহবুবুল আলম সালেহী এবং কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বগুড়া-২ আসনে বাতিল হলেও ঢাকা-১৮ আসনে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। রাজধানীর আগারগাঁওয়ে অঞ্চলভিত্তিক বুথে এসব আপিল আবেদন গ্রহণ করা হবে। আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।

ইসির তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না আওয়ামী লীগ।