শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নির্বাচনের পরিবেশ সন্তোষজনক: প্রধান নির্বাচন কমিশনার


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সবার সহযোগিতা থাকলে নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব।

৫ জানুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ 

নির্বাচনের পরিবেশ সন্তোষজনক: প্রধান নির্বাচন কমিশনার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় আপিল গ্রহণের জন্য স্থাপিত বুথ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে রূপ নেবে। বর্তমানে নির্বাচনকে ঘিরে পরিবেশ ও পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১০ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এসব আপিল আবেদনের ওপর পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে।

ইসি সূত্র জানায়, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তে সংক্ষুব্ধ প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আগামী পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশনের কাছে আপিল করতে পারবেন। আপিল আবেদনের জন্য এক সেট মূল কাগজপত্র এবং ছয় সেট ছায়ালিপি (ফটোকপি) মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে।প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী আপিল শুনানি চলবে। ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে এই শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। তবে পরিস্থিতি ও আপিলের সংখ্যা বিবেচনায় সময়সূচি পরিবর্তন হতে পারে।

আপিল গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সারাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করে পৃথক বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে রংপুর অঞ্চলের জন্য বুথ-১, রাজশাহী বুথ-২, খুলনা বুথ-৩, বরিশাল বুথ-৪, ময়মনসিংহ বুথ-৫, ঢাকা বুথ-৬, ফরিদপুর বুথ-৭, সিলেট বুথ-৮, কুমিল্লা বুথ-৯ এবং চট্টগ্রাম অঞ্চলের জন্য বুথ-১০ নির্ধারণ করা হয়েছে।

শুনানিতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা তাঁর প্রতিনিধি এবং আপিলকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে। শুনানি শেষে আপিলের ফলাফল তাৎক্ষণিকভাবে মনিটরে প্রদর্শন করা হবে এবং ই-মেইলে পিডিএফ কপি পাঠানো হবে। পাশাপাশি নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবন থেকে রায়ের হার্ডকপি সংগ্রহ করা যাবে।