শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের ১০৬ মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ


জুলাই মাসে ছাত্র ও জনতার অভ্যুত্থানকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনাগুলোর ১০৬টি মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। এর মধ্যে ৩১টি হত্যা এবং ৭৫টি অন্যান্য ধারার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

২ ডিসেম্বর ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ 

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের ১০৬ মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জুলাই মাসে ছাত্র ও জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় সংঘটিত নানামুখী ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত ১০৬টির চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। এদের মধ্যে ৩১টি হত্যা মামলা, আর ৭৫টি অন্যান্য ধারার মামলা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চার্জশিট দাখিল করা ৩১টি হত্যা মামলা হয়েছে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায়। এছাড়া পিবিআই, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মামলাও এতে অন্তর্ভুক্ত।

অন্যদিকে, ৭৫টি অন্যান্য ধারার মামলা এসেছে পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও বরগুনা জেলা থেকে। পাশাপাশি পিবিআই, সিআইডি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও রংপুর মেট্রোপলিটন পুলিশের তদন্তাধীন মামলাগুলোও এতে রয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের এসব মামলার সঠিক ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে প্রতিটি মামলাই ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘনিষ্ঠভাবে তদারকি করছেন। এছাড়া অন্যান্য মামলার তদন্ত দ্রুত শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনার কাজও চলমান।

এদিকে, ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারায় বৈষম্যবিরোধী ৪৩৭টি মামলায় মোট ২ হাজার ৮৩০ জনকে অব্যাহতির জন্য আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।