শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের রায় আজ—ঢাকার প্রবেশমুখে বাড়তি চেকপোস্ট


জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় আজ ঘোষণা হবে। সম্ভাব্য নাশকতার আশঙ্কায় ঢাকাসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর প্রবেশমুখে চেকপোস্ট, ট্রাইব্যুনাল এলাকায় পুলিশ–র‌্যাব–বিজিবি–সেনার অতিরিক্ত মোতায়েন এবং রেল–নৌপথে নজরদারি জোরদার করা হয়েছে। বড় পর্দা, বিটিভি ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজে রায় সরাসরি সম্প্রচার করা হবে।

১৭ নভেম্বর ২০২৫, ৯:৩৯ পূর্বাহ্ণ 

মানবতাবিরোধী অপরাধের রায় আজ—ঢাকার প্রবেশমুখে বাড়তি চেকপোস্ট
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ (সোমবার) রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায় ঘিরে ঢাকাসহ সারাদেশে উদ্বেগ–উৎকণ্ঠা বাড়লেও সম্ভাব্য নাশকতা মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা নিয়ে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার রাত থেকেই রাজধানীর প্রবেশপথগুলোয় বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে বিভিন্ন জেলা থেকে রাজধানীতে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য সব থানায় বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি রেলপথ ও নৌপথেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ট্রাইব্যুনাল ভবন ও আশপাশের এলাকা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। কোনো দল বা গোষ্ঠী নাশকতার চেষ্টা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

সুপ্রিম কোর্ট মাজার গেট এলাকায় ডিএমপি, বিজিবি ও এপিবিএন সদস্যদের বিশেষ টহল দল রাখা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, মানুষ বা পুলিশের ওপর হামলা, ককটেল নিক্ষেপ অথবা গাড়ি পোড়ানোর চেষ্টা করলে আইনসম্মতভাবেই গুলির নির্দেশনা রয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ঢাকাসহ আশপাশের এলাকায় ১৪ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব বলেন, ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অনলাইন হুমকিও নজরদারিতে রাখা হয়েছে।

এদিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় রায় সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও রায় সম্প্রচার করা হবে।