শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

রায়ের আগে বাড়ছে নিরাপত্তা: ট্রাইব্যুনালে সেনা মোতায়েনের জন্য চিঠি


মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণাকে সামনে রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিমকোর্ট এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। সুপ্রিমকোর্ট প্রশাসন সেনা মোতায়েনের জন্য আনুষ্ঠানিকভাবে সেনা সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে। সম্ভাব্য অস্থিরতা এড়াতে চার জেলায় বিজিবিও মোতায়েন করা হয়েছে।

১৬ নভেম্বর ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ 

রায়ের আগে বাড়ছে নিরাপত্তা: ট্রাইব্যুনালে সেনা মোতায়েনের জন্য চিঠি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সুপ্রিমকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাইব্যুনাল এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য মোতায়েনের জন্য সেনা সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিমকোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি জানান, রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে আনুষ্ঠানিকভাবে সেনা মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবারও রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিমকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছিল এবং সে অনুযায়ী সেনা সদস্যরা দায়িত্ব পালন করেন।

দেশের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও মামলার সংবেদনশীলতার কারণে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ চারটি জেলায় অতিরিক্তভাবে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি আসামি হিসেবে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।