ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। একই সঙ্গে রাজাকারের তালিকায় ভুলবশত অন্তর্ভুক্ত প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম সংশোধনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিকেল সোয়া ৩টার দিকে মন্ত্রী কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মন্ত্রী বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তালিকায় থাকা যেসব ভুল বা অসঙ্গতি রয়েছে, সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার যে দায়িত্ব দিয়েছে, তা সততার সঙ্গে পালনের চেষ্টা করা হবে। সরকারের লক্ষ্য হচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করা এবং সংশ্লিষ্ট তালিকাগুলোর অসঙ্গতি দূর করা।
আহমেদ আজম খান বলেন, খালেদা জিয়ার চিন্তা-চেতনা ও জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় ফকির মাহবুব আনামসহ টাঙ্গাইল জেলার সখীপুর, বাসাইল, মধুপুর ও ধনবাড়ী এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।