শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

নির্বাচন বানচালের চেষ্টা রুখে দেওয়া হবে: ইনকিলাব মঞ্চ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি বলেছে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন ঠেকানোর যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।

৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ 

নির্বাচন বানচালের চেষ্টা রুখে দেওয়া হবে: ইনকিলাব মঞ্চ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার পর সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, “নির্বাচন ১২ তারিখেই হবে। নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।”

সংগঠনটির পেজে দেওয়া আরেকটি পোস্টে বলা হয়, “লীগ এক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সঙ্গে মিশে পরিস্থিতি ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।”

এর আগে শুক্রবার বিকাল ৪টার দিকে শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়।

সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর থেকেই রাজধানীতে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও সতর্কতা বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।