শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। এ কর্মসূচিতে শহীদ হাদির স্ত্রী ও পরিবারের সদস্যরাও অংশ নিয়েছেন।

৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ 

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় তারা যমুনার সামনে অবস্থান নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত পৌনে ৯টা) দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা দিয়েছেন তারা। অবস্থান কর্মসূচিতে শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী ও তার পরিবারের সদস্যরাও অংশ নিয়েছেন।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই। এ কারণে সংশ্লিষ্ট সংস্থাগুলো চারবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে। দেশে নির্বাচনের আমেজে বারবার এই হত্যাকাণ্ডের তদন্ত পিছিয়ে দেওয়া হচ্ছে। সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত থাকলেও, যাদের মাধ্যমে সরকার এসেছে এবং রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে পারছে, সেই সরকার কিংবা রাজনৈতিক দলগুলোর কেউই এই হত্যার ঘটনায় কোনো উদ্যোগ নিচ্ছে না।’

সরকারকে হুঁশিয়ার করে তিনি আরও বলেন, ‘সরকার যদি শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করে বিচার না করে, তাহলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবো।’

ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে ইনকিলাব মঞ্চ সর্বাত্মক সহযোগিতা করে আসছে। কিন্তু ইনকিলাব মঞ্চের বিষয়ে এলেই সবাই বারবার হাত গুটিয়ে নিচ্ছে। জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী যমুনার সামনে অবস্থান নিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘অসহযোগিতা অব্যাহত থাকলে ইনকিলাব মঞ্চ জনগণের সহায়তা নেবে এবং সারা দেশের জনগণকে সঙ্গে নিয়ে যমুনার সামনে অবস্থান করবে। পরিস্থিতি সামলানোর দায়ভার সরকারের।’

এদিকে, ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হচ্ছে। সর্বশেষ এক পোস্টে বলা হয়, চারপাশে শত-শত পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং লাঠিসোঁটা নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পোস্টে আরও বলা হয়, ‘শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর না করা পর্যন্ত, আমাদের হত্যা করা হলেও আমরা একচুলও অবস্থান থেকে সরে যাব না।’