শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

শহিদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ ছাড়বে না ইনকিলাব মঞ্চ


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শহিদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সরকারের উপদেষ্টারা সরাসরি এসে জনগণের সামনে জবাব না দেওয়া পর্যন্ত তারা শাহবাগ ত্যাগ করবেন না বলে জানান তিনি।

২৬ ডিসেম্বর ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ 

শহিদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ ছাড়বে না ইনকিলাব মঞ্চ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শহিদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এ সময় বিক্ষোভকারীরা শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ করে দেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, “সরকারের উপদেষ্টারা যতক্ষণ পর্যন্ত শাহবাগে এসে জনগণের সামনে দাঁড়িয়ে জবাবদিহি না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই স্থান ছাড়ব না। প্রয়োজনে জীবন দিয়েও এই অবস্থান ধরে রাখব।” তিনি আরও বলেন, “এই জমিন শহিদ ওসমান হাদির রক্তে ভিজে আছে। অথচ এখন কেউ কেউ এসে আমাদের নির্দেশ দিতে চায়- এই কাজ করো না, ওই কাজ করো না। আমরা দেখছি, আপনারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দেন। আমাদের আর উপেক্ষা করা চলবে না।”

শহিদ ওসমান হাদির রক্তের বিচার আদায়ের দাবিতেই তারা রাজপথে নেমেছেন উল্লেখ করে আব্দুল্লাহ আল জাবের বলেন, “যতক্ষণ পর্যন্ত সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে জবাবদিহি না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না।” এ সময় তিনি আরও বলেন, “সাধারণ মানুষ যত দিন আত্মমর্যাদা নিয়ে বাঁচতে না পারবে এবং একজন নারী যত দিন হিজাব পরে স্বাধীনভাবে চলাচল করতে না পারবে, তত দিন প্রকৃত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না।”

অবস্থান কর্মসূচিকে ঘিরে শাহবাগ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত থাকলেও যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।