শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

আজ আকাশে দেখা মিলবে ‘কোল্ড মুন’-এর


বছরের শেষ এবং সবচেয়ে উজ্জ্বল সুপারমুন বা ‘কোল্ড মুন’ আজ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর পূর্ণ রূপে দৃশ্যমান হবে। তিনটি সুপারমুনের সাক্ষী থাকা ২০২৫ সালে এ দৃশ্যকে জ্যোতির্বিদরা বিরল বলছেন।

৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ণ 

আজ আকাশে দেখা মিলবে ‘কোল্ড মুন’-এর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আজ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর বছরের শেষ সুপারমুন—‘কোল্ড মুন’—পূর্ণ আলোকে দেখা দেবে পৃথিবীর আকাশে। এই বছর মোট তিনটি সুপারমুন দেখা গেছে, যা জ্যোতির্বিদদের ভাষায় বেশ বিরল ঘটনা। এমনকি ২০২৬ সালের প্রথম পূর্ণিমাতেও একটি সুপারমুন দেখা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সুপারমুন ঘটে যখন চাঁদ তার উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছের অবস্থানে (পেরিজি) থেকে পূর্ণিমার পর্যায়ে পৌঁছে। তখন চাঁদকে স্বাভাবিকের তুলনায় আরও বড় ও উজ্জ্বল দেখায়। আর পূর্ণিমা হয় যখন সূর্য, পৃথিবী ও চাঁদ সরলরেখায় অবস্থান করে এবং চাঁদের সম্পূর্ণ আলোকিত দিকটি দৃশ্যমান হয়।

আজ দুপুরে এই পূর্ণ চাঁদ উদিত হবে পূর্ব-উত্তর-পূর্ব আকাশে। যুক্তরাজ্যের লন্ডনে এটি দেখা যাবে দুপুর ১৪:৫২ জিএমটিতে। সুপারমুনটি দীর্ঘসময় দৃশ্যমান থাকবে এবং পরের দিন ভোর ৮টা থেকে ৯টার মধ্যে অস্ত যাবে। ফলে সারা রাত ধরেই পর্যাপ্ত অন্ধকারে সুপারমুন উপভোগের সুযোগ মিলবে।

চাঁদের উদয়ের সাথে আকাশে তৈরি হবে এক মনোরম দৃশ্য। প্লিয়াডেস নক্ষত্রপুঞ্জ এবং উজ্জ্বল নক্ষত্র অ্যাল্ডিব্যারানের সঙ্গে চাঁদ গঠন করবে একটি সুন্দর ত্রিভুজ। কাছে দেখা যাবে গ্রহ বৃহস্পতি। আর শীতের রাতের জনপ্রিয় নক্ষত্রমণ্ডল কালপুরুষও উজ্জ্বলভাবে হাজির থাকবে।

বছরের প্রতিটি পূর্ণিমারই রয়েছে ঐতিহ্যবাহী নাম। কৃষিকাজ, শিকার ও ফসল কাটার সময় নির্ধারণে শত শত বছর আগে এসব নাম ব্যবহার হতো। ডিসেম্বরের পূর্ণিমাকে বলা হয় ‘কোল্ড মুন’, কারণ এটি শীতকালীন সংক্রান্তির কাছাকাছি আসে এবং শীতের সূচনা নির্দেশ করে। একে লং নাইট মুন বা মুন বিফোর ইউল নামেও পরিচিত।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, পরবর্তী সুপারমুন দেখা যাবে ২০২৬ সালের ৩ জানুয়ারি। তখন তা পরিচিত হবে ‘উল্ফ মুন’ নামে।