শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ শক্তি বাড়িয়ে এগোচ্ছে, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি


দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ দ্রুত শক্তি সঞ্চয় করে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বেগে বইছে। পরিস্থিতি বিবেচনায় চারটি সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

২৮ নভেম্বর ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ 

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ শক্তি বাড়িয়ে এগোচ্ছে, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর অঞ্চলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি–৬ এ বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করে একই দিকেই অগ্রসর হচ্ছে। শুক্রবার দুপুর ১২টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৮৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। পূর্বাভাস অনুযায়ী এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আবহাওয়া অধিদপ্তর।