মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বঙ্গোপসাগরে লঘুচাপ, ১৬ মে পর্যন্ত ভারি বৃষ্টির শঙ্কা


কয়েক দিনের তীব্র গরমের পর দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী ১৩ মে সন্ধ্যা থেকে ১৬ মে পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে সিলেট বিভাগের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে।
বঙ্গোপসাগরে লঘুচাপ, ১৬ মে পর্যন্ত ভারি বৃষ্টির শঙ্কা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

কয়েক দিনের দাবদাহ ও ভ্যাপসা গরমের পর দেশের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) বেলা ১১টায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি হতে পারে এবং এই পরিস্থিতি কয়েক দিন স্থায়ী হতে পারে। এর প্রভাবে আগামী বুধবার (১৩ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ১৬ মে পর্যন্ত দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও এর পরিমাণ আরও বেড়ে অতি ভারি বর্ষণে রূপ নিতে পারে। বিশেষ করে সিলেট বিভাগের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, উত্তর শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এসব আবহাওয়াগত পরিস্থিতির সম্মিলিত প্রভাবে দেশে বৃষ্টিপাত বাড়ছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, রোববার থেকেই দেশের বিভিন্ন এলাকায় বজ্রমেঘের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে রংপুর বিভাগে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, চলতি সপ্তাহের বাকি সময়জুড়ে দেশের প্রায় সব এলাকাতেই কমবেশি বৃষ্টি হতে পারে। তবে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টির সম্ভাবনা বেশি।বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হবে কি না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এটি শক্তিশালী হলে উপকূলের কোন এলাকায় প্রভাব ফেলতে পারে, সেটিও তখন নির্ধারণ করা সম্ভব হবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সাধারণত ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ‘ভারি’ বৃষ্টি বলা হয়। আর ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তাকে ‘অতি ভারি’ বর্ষণ হিসেবে বিবেচনা করা হয়।