পরিকল্পিত আক্রমণ • মধ্যরাতে পরীমনির ফেসবুক লাইভ, গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
১১ নভেম্বর ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
"টাইটানিক" সিনেমার জ্যাক ডসন চরিত্র দিয়ে বিশ্বজুড়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। তবে একটি চরিত্রের পরিচয়ে থেমে থাকেননি তিনি। তিন দশকের বেশি সময়ের অভিনয়জীবনে নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে। আজ ১১ নভেম্বর তাঁর জন্মদিন। ১৯৭৪ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন তিনি। এবার ৫২ বছরে পা রাখলেন এই তারকা।
শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল ডি ক্যাপ্রিওর। টেলিভিশন বিজ্ঞাপন ও অনুষ্ঠানে কাজের মধ্য দিয়ে যাত্রা শুরু করে ১৯৯১ সালে "ক্রিটার্স ৩" সিনেমায় বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর "দিস বয়'স লাইফ" ও "হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ" সিনেমায় অভিনয় করে প্রশংসা অর্জন করেন। দ্বিতীয় সিনেমাটির জন্য মাত্র ১৯ বছর বয়সে অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়ন পান তিনি।
১৯৯৭ সালে জেমস ক্যামেরনের "টাইটানিক" সিনেমা তাঁকে আন্তর্জাতিক তারকাখ্যাতি এনে দেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। "ক্যাচ মি ইফ ইউ ক্যান", "দ্য অ্যাভিয়েটর", "দ্য ডিপার্টেড", "ইনসেপশন", "জ্যাঙ্গো আনচেইনড", "দ্য গ্রেট গ্যাটসবি" ও "দ্য উলফ অব ওয়াল স্ট্রিট" এর মতো সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।
দীর্ঘ অপেক্ষার পর ২০১৬ সালে "দ্য রেভেন্যান্ট" সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে প্রথম অস্কার জেতেন ডি ক্যাপ্রিও। আলেহান্দ্রো গনজালেস ইনারিতু পরিচালিত সিনেমাটিতে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার লড়াইয়ে নামা অভিযাত্রী হিউ গ্লাসের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
মার্টিন স্করসেজির সঙ্গে তাঁর দীর্ঘদিনের কাজের সম্পর্কও বিশেষভাবে উল্লেখযোগ্য। এই পরিচালকের সঙ্গে "গ্যাংস অব নিউইয়র্ক", "দ্য অ্যাভিয়েটর", "দ্য ডিপার্টেড", "শাটার আইল্যান্ড" ও "কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন" এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি। সর্বশেষ "ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার" সিনেমায় অভিনয়ের জন্য ২০২৬ সালের অস্কারে সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন।
অভিনয়ের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও সক্রিয় এই তারকা। ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করেন লিওনার্দো ডি ক্যাপ্রিও ফাউন্ডেশন। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণে কাজ করছে প্রতিষ্ঠানটি। ২০১৪ সালে জাতিসংঘ তাঁকে জলবায়ু পরিবর্তন বিষয়ক শান্তির দূত হিসেবে মনোনীত করে।
ব্যক্তিজীবনে এখনো বিয়ে করেননি ডি ক্যাপ্রিও। বর্তমানে ইতালীয় মডেল ভিত্তোরিয়া চেরেত্তির সঙ্গে তাঁর সম্পর্কের খবর আলোচনায় রয়েছে। তবে বিয়ে বা বাগ্দান নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
শিশুশিল্পী থেকে অস্কারজয়ী অভিনেতা দীর্ঘ পথচলায় জনপ্রিয়তা ধরে রাখার পাশাপাশি চরিত্র নির্বাচনে বৈচিত্র্য দেখিয়েছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। জ্যাক ডসনের স্মরণীয় পরিচয় ছাড়িয়ে আজও নতুন নতুন অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে চলেছেন তিনি।