ইতিহাস গড়লেন • মাত্র তৃতীয় টেস্টেই ডাবল সেঞ্চুরি, হৃদয়ের অবিশ্বাস্য কীর্তি
৯ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মধ্যরাতে ফেসবুক লাইভে এসে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলেছেন তিনি। ঘটনাটিকে পরিকল্পিত দাবি করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী।
রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন পরীমনি। তিনি জানান, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর হঠাৎ এক ব্যক্তি আক্রমণাত্মক আচরণ শুরু করেন। একপর্যায়ে তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতির কারণে গাড়িতে উঠতে না পেরে অনুষ্ঠানের ব্যাকস্টেজে অবস্থান করতে বাধ্য হন তিনি।
পরিস্থিতি সামাল দিতে গুলশান থানায় যোগাযোগ করেছেন বলেও লাইভে জানান পরীমনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ততক্ষণে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হন। একই সঙ্গে অনুষ্ঠানের স্টল ভাঙচুর এবং অন্য শিল্পীদের হেনস্তার অভিযোগও করেন তিনি।
ঘটনার পেছনে "ইয়োলো জার্নালিজম" চর্চাকারীদের দায়ী করে পরীমনি বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ থাকলে সরাসরি আলোচনার মাধ্যমে তা সমাধানের আহ্বান জানান তিনি।
এরপর আরও কয়েকবার ফেসবুক লাইভে আসেন এই অভিনেত্রী। পরবর্তী একটি লাইভে তাঁকে সাদা রঙের গাড়িতে উঠতে দেখা যায়। এ সময় সন্তানকে দ্রুত গাড়িতে নিয়ে আসার জন্যও বলতে শোনা যায় তাঁকে। পরে পুলিশ সদস্যদের উপস্থিতিতেই গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে, গত বৃহস্পতিবার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন আদালতে প্রবেশের সময় তাঁর ছবি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। অন্যদিকে, পরীমনির দাবি ছিল, ওই সাংবাদিক তাঁকে স্পর্শ করেছেন।
তবে পরীমনির অভিযোগ অস্বীকার করে রবিউল হোসাইন জানান, অভিনেত্রী তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছেন। তাঁর দাবি, পুরো ঘটনার দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়েছে।
৫ নভেম্বরের ওই ঘটনাকে কেন্দ্র করে পরীমনির কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। সাত দিনের মধ্যে ক্ষমা চাওয়ার অনুরোধ জানানো হয়েছে নোটিশে। পরীমনি ছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে নোটিশ পাঠানো হয়েছে।
আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার জানিয়েছেন, রোববার সকালে রেজিস্ট্রি ডাকযোগে তিনজনের ঠিকানায় আইনি নোটিশ পাঠানো হয়েছে।