মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফ্যাশনে বাজিমাত •

প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন ঐশ্বরিয়া, মুগ্ধ ভক্তরা।


প্যারিস ফ্যাশন উইকে ল’রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে র‍্যাম্পে হাঁটলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কালো ভেলভেটের ফিশটেল গাউন, ক্রিস্টাল খচিত কেপ ও রত্নমুকুটে নজর কাড়েন তিনি। তার র‍্যাম্প উপস্থিতির ছবি ভিডিও ভাইরাল হয়েছে। অনুষ্ঠানে সিমোন অ্যাশলি ও দীর্ঘদিনের বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও আন্তরিক মুহূর্তে দেখা যায় তাকে।

২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ 

প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন ঐশ্বরিয়া, মুগ্ধ ভক্তরা।
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

প্যারিস ফ্যাশন উইকের জমকালো আয়োজনে আবারও নিজের স্টাইল ও আভিজাত্য দিয়ে আলোচনায় উঠে এসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ল’রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে ফ্যাশন শোয়ের র‍্যাম্পে উপস্থিত হন "দেবদাস" খ্যাত এই তারকা। তার উপস্থিতি ঘিরে পুরো আয়োজনেই ছিল বাড়তি উচ্ছ্বাস।

র‍্যাম্পে ঐশ্বরিয়াকে দেখা যায় কালো ভেলভেটের ফিশটেল গাউনে। গাউনটির বিশেষ আকর্ষণ ছিল ক্রিস্টাল খচিত কেপ এবং কর্সেটধাঁচের নকশা। এর সঙ্গে মাথায় ঝলমলে রত্নখচিত মুকুট, পরিপাটি মেকআপ ও তার চিরচেনা লাল লিপস্টিক সব মিলিয়ে তার সাজে ফুটে ওঠে রাজকীয় আবহ।

র‍্যাম্পে হাঁটার সময় আত্মবিশ্বাসী উপস্থিতি ও অভিজাত ভঙ্গিতে দর্শকদের দৃষ্টি কেড়ে নেন ঐশ্বরিয়া। ফ্যাশন শো থেকে প্রকাশিত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি। বিভিন্ন পোস্টে তার পোশাক, সাজসজ্জা ও র‍্যাম্প উপস্থিতি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন অনুরাগীরা।

তবে শুধু র‍্যাম্পে হাঁটাই নয়, শো শুরুর আগের মুহূর্তগুলোতেও আন্তর্জাতিক অঙ্গনের তারকাদের সঙ্গে ঐশ্বরিয়ার আন্তরিকতা নজরে আসে। রিহার্সালের সময় অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে তার কথোপকথনের একটি ভিডিও বিশেষভাবে ভাইরাল হয়েছে। ভিডিওতে দুজনকে হাসিমুখে কথা বলতে এবং ঐশ্বরিয়াকে সিমোনের হাত ধরে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।

এদিকে অনুষ্ঠানের ফাঁকে ল’রিয়ালের আরেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ঐশ্বরিয়ার দীর্ঘদিনের বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা হয় তার। দুই তারকার পুনর্মিলনের মুহূর্তও নজর কেড়েছে উপস্থিত দর্শক ও অনুরাগীদের।

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার এই উপস্থিতি ফের প্রমাণ করল, আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে ভারতীয় তারকাদের মধ্যে তার অবস্থান এখনও বেশ উজ্জ্বল। র‍্যাম্পের পোশাক থেকে শুরু করে তারকা সমাগম সব মিলিয়ে এবারের আয়োজনেও আলোচনার কেন্দ্রে ছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী।