মৈত্রী পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল
১৮ জানুয়ারী ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশের চূড়ান্ত খসড়া সম্পন্ন হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অধ্যাদেশের চূড়ান্ত খসড়া রোববার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে খুব শিগগিরই অধ্যাদেশটি জারি হবে বলে আশা প্রকাশ করেছে মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, অধ্যাদেশ চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত গ্রহণ, ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে জনমত সংগ্রহ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষা বিশেষজ্ঞদের অভিমত গ্রহণসহ প্রয়োজনীয় সব ধাপ সম্পন্ন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খসড়া প্রণয়নের ক্ষেত্রে অংশীজনদের যৌক্তিক প্রত্যাশার প্রতিফলন ঘটানো এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার উপযোগী কাঠামো নির্ধারণই ছিল শিক্ষা মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। ধারাবাহিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অগ্রগতির তথ্য নিয়মিতভাবে জনসাধারণকে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৬ মার্চ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের ঘোষণা দেন। তবে অধ্যাদেশ জারি না হওয়ায় সাম্প্রতিক সময়ে রাজধানীতে সড়ক অবরোধসহ নানা কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ করেন ওই সাত কলেজের শিক্ষার্থীরা। এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় জানায়, একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম ধাপে ধাপে সম্পন্ন করতে হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা পুরো উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়- এমন কর্মসূচি থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয় আশাবাদ ব্যক্ত করে বলেছে, সবার পারস্পরিক সহযোগিতার মাধ্যমে খুব দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে, যা বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রসঙ্গত, ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় রাজধানীর এই সাতটি কলেজকে। সেগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।