ভারত বিধ্বস্ত • প্রথম দেখাতেই ভারতের বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়
৬ অক্টোবর ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করা হবে। পাশাপাশি ২০২৮ সাল থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষা কার্যক্রমে পরিবর্তন ও পরিমার্জন করা হবে। শিক্ষার্থীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় নতুন বইও যুক্ত করা হতে পারে বলে জানান তিনি।
এদিকে অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে গ্যাস ও তেলের দাম অনেকাংশে বেড়েছে। তবে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো অনেক কম। অন্যান্য দেশের তুলনায় বেশি ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে সরকার।
মাহ্দী আমিন আরও বলেন, বৈশ্বিক এ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের ওপর যতটা সম্ভব কম চাপ দিয়ে যৌক্তিক উপায়ে পরিস্থিতি সামাল দেওয়াই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ। প্রতিযোগিতায় দেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অংশ নেন।