শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, অন্যান্য শ্রেণিতে ফিরছে ভর্তি পরীক্ষা


আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি থেকে অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

৬ আগস্ট ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ 

প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, অন্যান্য শ্রেণিতে ফিরছে ভর্তি পরীক্ষা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি থেকে অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম শ্রেণি ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। একই সঙ্গে জানানো হয়েছে, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।এর আগে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালু করা হবে।

সেই সময় তিনি বলেছিলেন, ‘বছরের প্রথমে অ্যাডমিশন যেটা হয়, সেখানে আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। আগাম জানিয়ে দিলাম, যেন সবাই সুযোগ পায়। আমরা লটারি সিস্টেম উইথড্র করলাম।’ তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণির ক্ষেত্রে লটারি পদ্ধতি বহাল রাখা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় শ্রেণি থেকে পরবর্তী সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে প্রথমবারের মতো লটারির মাধ্যমে ভর্তি চালু হয়। ২০১২ সালে বেসরকারি বিদ্যালয়েও একই ব্যবস্থা কার্যকর করা হয়। সে সময় দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হতো।

পরে কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়। এরপর কয়েক বছর ধরে একই পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা হলেও, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে আবারও অধিকাংশ শ্রেণিতে ভর্তি পরীক্ষা চালু হচ্ছে।