বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সারাদেশে অভিন্ন প্রশ্নে শুরু হলো এইচএসসি পরীক্ষা


নজিরবিহীন নিরাপত্তা ও কড়াকড়ির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবারই প্রথম দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনে শিক্ষার্থীরা বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিয়েছে। আগামী ৮ আগস্ট পর্যন্ত লিখিত এবং ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে।

২ জুলাই ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ণ 

সারাদেশে অভিন্ন প্রশ্নে শুরু হলো এইচএসসি পরীক্ষা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশের শিক্ষাঙ্গনের অন্যতম বড় পাবলিক পরীক্ষা এইচএসসি ও সমমান আজ থেকে শুরু হয়েছে। এ বছর নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন।

মোট পরীক্ষার্থীর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদ্রাসা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী রয়েছে। সারাদেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা চলছে।

প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিতহবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে। কক্ষে বসার ক্ষেত্রে প্রতিটি পাঁচ ফুট বাই ছয় ফুট বেঞ্চে দুজন এবং চার ফুট বেঞ্চে একজন করে পরীক্ষার্থী বসার ব্যবস্থা করা হয়েছে। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য থাকবেন একজন কক্ষপরিদর্শক।

ডিজিটাল নজরদারি ও নজিরবিহীন নিরাপত্তা: পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে এবার প্রযুক্তিগত নিরাপত্তার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে।দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রের মধ্যে ১৪৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ৪০টিই রাজধানী ঢাকায়। কেন্দ্রগুলোর শৃঙ্খলা বজায় রাখতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে বিশেষ 'সিসিটিভি মনিটরিং সেল' গঠন করা হয়েছে, যেখান থেকে অনলাইনে যেকোনো কেন্দ্র সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য 'বডি-ওর্ন' ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে।কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

প্রশ্নফাঁসের গুজব ও জালিয়াতি ঠেকাতে এবার মোবাইল অ্যাপের মাধ্যমে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে 'প্রশ্ন সেট কোড' নির্ধারণ করা হবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, যদি কোনো কারণে প্রশ্নফাঁসের ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে সারাদেশের ওই দিনের পরীক্ষা স্থগিত করে পরবর্তীতে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষা শুরুর আগের দিন বুধবার (১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন:"২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নিরাপদ করতে নজিরবিহীন নিরাপত্তা নেওয়া হয়েছে। প্রশ্নফাঁস বা যেকোনো অনিয়মে জড়িতদের বিরুদ্ধে সংশোধিত পাবলিক পরীক্ষা আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষক বা কর্মকর্তাও পার পাবেন না।"

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন সরকারের ভবিষ্যৎ শিক্ষানীতি তুলে ধরে জানান, পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষা ও কর্মদক্ষতাকে গুরুত্ব দিয়ে ষষ্ঠ শ্রেণি থেকেই ধাপে ধাপে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে সরকারের।