শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী লিলিকে গলা কেটে হত্যা


রাজধানীর বনশ্রীর একটি ভাড়া বাসা থেকে ফাতেমা আক্তার লিলি (১৭) নামের এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

১০ জানুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ 

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী লিলিকে গলা কেটে হত্যা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রীর একটি বাসায় ফাতেমা আক্তার লিলি (১৭) নামের এক স্কুলছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের এল ব্লকের ‘প্রীতম ভিলা’ নামের ওই বাসায় হত্যাকাণ্ডটি ঘটে।

নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে হবিগঞ্জ জেলার লাখাই থানার বামৈন গ্রামের সজীব মিয়ার মেয়ে। পরিবারের সঙ্গে সে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী প্রধান সড়কের প্রীতম ভিলার একটি বাসায় ভাড়া থাকত।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বড় বোন শোভা জানান, জমিজমা সংক্রান্ত কাজে তাদের বাবা-মা গত বুধবার গ্রামের বাড়িতে গেছেন। পরিবারের একটি হোটেল ব্যবসা রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে খাবার নিতে হোটেলের কর্মচারী মিলন বাসায় এলে লিলি তার সঙ্গে কিছুটা খারাপ আচরণ করেছিল।

তিনি আরও জানান, শনিবার দুপুরের দিকেও মিলন খাবার নিতে বাসায় আসে। দুপুর দেড়টার দিকে জিমে যাওয়ার সময় শোভা লিলিকে দরজা লক করে দিতে বলেন। জিম থেকে ফিরে তিনি দেখেন, গেট বন্ধ থাকলেও ঘরের দরজা খোলা এবং ভেতরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

শোভা বলেন, ‘বাসার ভেতরে একটি বড় পাতিলের মতো জিনিসের নিচে আমার বোনকে কুঁকড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখি। প্রথমে মনে হয়েছিল মাথায় আঘাত পেয়েছে। পরে হিজাব সরিয়ে দেখি গলায় রশি প্যাঁচানো এবং বঁটি দিয়ে গলা কাটা। আমাদের হোটেলের কর্মচারী মিলনের ওপরই আমাদের সন্দেহ হচ্ছে।’

তিনি অভিযোগ করেন, বোনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় বাড়ির মালিক বা আশপাশের কেউ এগিয়ে আসেননি। পরে এক বন্ধুর সহায়তায় রিকশায় করে লিলিকে ফরাজী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিকেলের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং পরে ফরাজী হাসপাতাল থেকে লিলির মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘হাসপাতালে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীর গলা কাটা। এখনো হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।’