রবিবার, ২৪ মে, ২০২৬

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড: মাত্র ২৯ কার্যদিবসে রায় ঘোষণা


মেহেরপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় শাকিল হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলাটি দায়েরের পর মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করে এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হলো। আজ রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।
মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড: মাত্র ২৯ কার্যদিবসে রায় ঘোষণা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মেহেরপুরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের লোমহর্ষক ঘটনার মামলায় শাকিল হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাত্র ২৯ কার্যদিবসে এই চাঞ্চল্যকর মামলার বিচারকাজ সম্পন্ন করে রায় ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

আজ রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আবদাল হকের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার একটি গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত শাকিল হোসেন একই গ্রামের ৯ বছর বয়সি ওই শিশুটিকে কৌশলে একটি পাটখেতে ডেকে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। এই ঘটনার পর শিশুটির পিতা বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা দ্রুততম সময়ে আদালতে চার্জশিট (তদন্ত প্রতিবেদন) দাখিল করেন। এরপর আদালতে মামলাটির সাক্ষ্য-প্রমাণ গ্রহণ এবং উভয় পক্ষের দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়। আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত শাকিলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোস্তাফিজুর রহমান তুহিন এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, "মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে এই ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হয়েছে। দ্রুততম সময়ে এই রায় দেওয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই রায়ে সম্পূর্ণ সন্তুষ্ট।"

অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিজন রায়ের প্রতিক্রিয়ায় জানান, তারা এই রায়ে ক্ষুব্ধ এবং এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।