শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

দেশজুড়ে শক্তিশালী বৃষ্টি বলয় ধেয়ে আসছে


দেশের ওপর দিয়ে একটি শক্তিশালী প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় অতিক্রম করতে যাচ্ছে, যার প্রভাবে ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় ঝড়-বৃষ্টি ও কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

২৪ এপ্রিল ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ 

দেশজুড়ে শক্তিশালী বৃষ্টি বলয় ধেয়ে আসছে
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। বেসরকারি আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, এই বলয়ের প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয়, যা দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকাকে প্রভাবিত করতে পারে।

সংস্থাটির তথ্যমতে, এ বৃষ্টি বলয়ে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট বিভাগ। এছাড়া ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের কিছু এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় মাঝারি মাত্রার বৃষ্টি এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় তুলনামূলক কম প্রভাব দেখা যেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টি বলয় অবস্থান করবে। তবে ২৫ এপ্রিলও দেশের উত্তরাঞ্চলসহ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ও বজ্রবৃষ্টি হতে পারে। সবচেয়ে বেশি সক্রিয় সময় ধরা হচ্ছে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং পরবর্তীতে ৪ ও ৬ মে। এ সময় সিলেট ও ময়মনসিংহ বিভাগের বন্যাপ্রবণ নিচু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী উজানে ভারী বৃষ্টিপাত হলে পাহাড়ি ঢল নামতে পারে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে এবং হাওরাঞ্চলেও আকস্মিক পানি বৃদ্ধি দেখা দিতে পারে।

আবহাওয়াবিদদের মতে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার কিছু এলাকায় টানা বৃষ্টিপাত হতে পারে, যা জনজীবনে সাময়িক দুর্ভোগ তৈরি করতে পারে। এদিকে তীব্র গরমের মধ্যে এই বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিলেও অতিবৃষ্টি ও ঝড়ের কারণে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।