জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৯ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
ভারতে গ্রেপ্তার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, মিয়ানমারের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে টেকনাফ স্থলবন্দর চালুর বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
প্রেসব্রিফিংয়ের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের সব অবৈধ ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হবে। তিনি বলেন, “কক্সবাজার সমুদ্র সৈকত আমাদের অহংকার। এটিকে জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডে রাখতে হবে।”
মন্ত্রী আরও বলেন, আগের মতো প্রকাশ্যে ঘোষণা দিয়ে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হবে না। পেশাদার পদ্ধতিতে এই তালিকা প্রস্তুত করা হবে। পাশাপাশি মাদক ও মানবপাচার রোধে উখিয়া-টেকনাফ রুটে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্যের তত্ত্বাবধানে কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জনবল নিয়োগ এবং টমটম (ইজিবাইক) লাইসেন্স আর না বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সড়কপথে নিজ এলাকা পেকুয়া উপজেলা থেকে বেলা ১২টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য, পুলিশ সুপার, র্যাব-১৫ এর অধিনায়ক, বিভিন্ন বাহিনীর প্রতিনিধি, সিভিল সার্জন ও বিভিন্ন পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।