শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যা করে যুবকের আত্মহত্যা


নওগাঁর আত্রাই উপজেলায় নিজ স্ত্রী ও পাঁচ বছর বয়সী কন্যাকে ছুরিকাঘাতে হত্যা করার পর গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন জয় (২৮) নামে এক যুবক। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

৬ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ 

নওগাঁর আত্রাইয়ে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যা করে যুবকের আত্মহত্যা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নওগাঁর আত্রাই উপজেলায় পারিবারিক কলহ ও মাদকাসক্তির জেরে স্ত্রী ও পাঁচ বছর বয়সী শিশুকন্যাকে ছুরিকাঘাতে হত্যা করার পর আত্মহত্যা করেছেন জয় (২৮) নামে এক যুবক। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতের দিকে নিজ শয়নকক্ষে ঢুকে ধারালো ছুরি নিয়ে স্ত্রী ও শিশু কন্যার ওপর হামলা চালান জয়। এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

এ সময় পরিবারের সদস্য ও প্রতিবেশীদের আর্তচিৎকারে জয় একই ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকাসক্তি এবং দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিবেশীরা জানান, জয় দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই বাড়িতে অশান্তি সৃষ্টি করতেন তিনি। শৈশব থেকেই বেপরোয়া জীবনযাপনের কারণে তার আচরণে এলাকাবাসী অতিষ্ঠ ছিল বলেও জানান স্থানীয়রা।