মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
কঠোর অভিযান •

ঢাকার সড়কে অবৈধ হুটার-বিকন লাইটের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান


রাজধানীতে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের ব্যবহার বন্ধে আগামী ১ ডিসেম্বর থেকে অভিযান চালাবে ডিএমপি। এর আগে যানবাহন থেকে এসব সরঞ্জাম অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর সহযোগিতা চেয়েছে পুলিশ।

১৭ নভেম্বর ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ 

ঢাকার সড়কে অবৈধ হুটার-বিকন লাইটের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরানো এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে অননুমোদিত হুটার, উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে এসব সরঞ্জাম ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন যানবাহনে নিয়মবহির্ভূতভাবে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার একদিকে শব্দদূষণ বাড়াচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি করছে। পাশাপাশি সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনাও ব্যাহত হচ্ছে।

বিশেষ করে উচ্চ শব্দের কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় ১ ডিসেম্বর থেকে অভিযান শুরুর আগেই সংশ্লিষ্ট যানবাহন থেকে সব ধরনের অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট খুলে ফেলার জন্য মালিক ও চালকদের প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম সংযোজন বা ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা, শব্দদূষণ কমানো এবং জনসাধারণের স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ অভিযান সফল করতে নগরবাসী, যানবাহনের মালিক ও চালকদের সহযোগিতা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।