রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শান্তির বার্তা •

পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ, গুজব থেকে সতর্ক থাকার আহ্বান আইজিপির


দেশজুড়ে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। শনিবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান। পূজা কমিটি ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত হয়েছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ 

পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ, গুজব থেকে সতর্ক থাকার আহ্বান আইজিপির
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশজুড়ে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। পূজা উদযাপন কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার কারণে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি। প্রতিমা বিসর্জন পর্যন্ত নির্বিঘ্ন ও সুশৃঙ্খল পরিবেশে পূজা উদযাপন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আইজিপি বলেন, পূজাকে ঘিরে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং কোনো ধরনের গুজবে কান দেওয়া যাবে না। অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেবী দুর্গার আদর্শের মতোই অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ধর্ম, মত ও বর্ণের ভিন্নতা থাকলেও দেশ সবার এ কথা উল্লেখ করে পুলিশপ্রধান বলেন, দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সব ধরনের অপশক্তি ও বৈষম্য দূর করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নই সবার লক্ষ্য হওয়া উচিত।

পুলিশের অতীত পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে কয়েক দিন পুলিশের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছিল। সে সময় নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটে। তবে জনগণের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।

এদিকে, পূজা উদযাপন পরিষদের নেতারা দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করায় পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকায় ভক্তরা নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারছেন।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।