শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
রাজধানীতে অভিযান •

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪০২, উদ্ধার অস্ত্র-মাদক


রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির ২৪ ঘণ্টার নিয়মিত ও মাদকবিরোধী অভিযানে ৪০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫০টি মামলা করা হয়। অভিযানে একটি বিদেশি রিভলবার, গুলি, চাপাতি, রামদা, ৮ হাজার ৯৯৬ পিস ইয়াবা, গাঁজা ও বিয়ারসহ বিভিন্ন সামগ্রী জব্দ করেছে পুলিশ।

৩ অক্টোবর ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ 

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪০২, উদ্ধার অস্ত্র-মাদক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে ৫০টি মামলা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় সংস্থাটির অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৪০২ জনকে গ্রেপ্তার করা হয়।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১০৫ জন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া মতিঝিল বিভাগে ৬১ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, ওয়ারী বিভাগে ৪৫ জন, লালবাগ বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, রমনা বিভাগে ৩০ জন, গুলশান বিভাগে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি সাতটি চাপাতি, চারটি রামদা ও একটি প্লাস জব্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে আসে ৮ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা এবং পাঁচ ক্যান বিয়ার। এ ছাড়া তিনটি মোবাইল ফোন ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।