শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

কাফরুলে মিরপুর সুপার লিংক বাসে আগুন


রাজধানীর কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস। এর আগে রাজধানীর মালিবাগ, মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় যাত্রাবাড়ীতে এক রিকশাচালক আহত হয়েছেন।

১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ণ 

কাফরুলে মিরপুর সুপার লিংক বাসে আগুন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর কাফরুলে মিরপুর সুপার লিংক নামের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিরপুর সুপার লিংক মালিক সমিতির একটি যাত্রীবাহী বাসে আগুন জ্বলছে। ভিডিওতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে দাবি করা হচ্ছে। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১১-৭২৩৭। এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরপর সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে যাত্রাবাড়ী এলাকায় পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক রিকশাচালক আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় যাত্রাবাড়ী এলাকায় যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক ছিল। হঠাৎ পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণে পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কাফরুলে বাসে অগ্নিকাণ্ডের ঘটনাটিও রাজধানীতে ধারাবাহিক এসব বিস্ফোরণের ঘটনার পরপরই ঘটেছে। তবে বাসে আগুন দেওয়ার সঙ্গে ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।