মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ফলের চালানের আড়ালে ১৬ কেজি স্বর্ণ জব্দ


রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের চালানের আড়ালে পাচারের চেষ্টা করা অন্তত ১৬ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে মহানিরাপত্তা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউসের যৌথ দল। এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রকে শনাক্ত করতে তদন্ত চলছে।

১৯ জুলাই ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ 

শাহজালাল বিমানবন্দরে ফলের চালানের আড়ালে ১৬ কেজি স্বর্ণ জব্দ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের ভেতরে বিশেষভাবে গোপন রাখা অন্তত ১৬ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) মহানিরাপত্তা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউসের যৌথ অভিযানে এই স্বর্ণের চালান জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কার্গো ভিলেজে অভিযান চালানো হয়। এ সময় বিদেশ থেকে আসা ফলের চালানের ক্যারেট তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক হিসাবে উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ অন্তত ১৬ কেজি।

ঢাকা কাস্টমসের কর্মকর্তারা জানান, চালানটির ঘোষণাপত্রে (ডিক্লারেশন) পণ্য হিসেবে ফল উল্লেখ করা হয়েছিল। তবে তল্লাশির সময় ফলের আড়ালে স্বর্ণ পাচারের চেষ্টা ধরা পড়ে।

ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কর কমিশনার মুহাম্মদ কামরুল হাসান গণমাধ্যমকে জানান, হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে ফলের চালানের সঙ্গে স্বর্ণ আনার চেষ্টা করা হয়েছিল। পরে যৌথ অভিযানে পুরো চালানটি জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্র সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী সময়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।