বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

পে-স্কেল পরিবর্তন করতে পারবে না পরবর্তী সরকার: অর্থ উপদেষ্টা


অন্তর্বর্তী সরকার পে-স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান নিশ্চিত করে গেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পরবর্তী নির্বাচিত সরকার এসে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না, তবে বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে।

৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ 

পে-স্কেল পরিবর্তন করতে পারবে না পরবর্তী সরকার: অর্থ উপদেষ্টা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করে দিয়ে গেছে। ফলে পরবর্তী সরকার এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না। তবে পুরোপুরি বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের অর্থনৈতিক অবস্থান তুলে ধরে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার পরবর্তী সরকারের জন্য একটি স্বস্তিদায়ক অর্থনৈতিক অবস্থা রেখে যাচ্ছে। তাঁর ভাষায়, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের অর্থনীতি নড়বড়ে অবস্থায় ছিল। দেড় বছরে সেই অর্থনীতি অনেকটাই ঠিক করা সম্ভব হয়েছে।’

গণভোট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, সরকার গণভোট আয়োজনের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রেখেছে। তবে এই বরাদ্দ কোনো পক্ষের পক্ষে ভোট আদায়ের জন্য নয়। তিনি বলেন, ‘গণভোটের কারণে এবারের নির্বাচনে অন্যান্য সময়ের তুলনায় বরাদ্দ কিছুটা বেশি লাগছে।’

কর্মসংস্থান বিষয়ে তিনি বলেন, আগের সরকারের সময় নেওয়া অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ করে দেওয়ায় কর্মসংস্থানের ওপর কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। এটিকে আগামী দিনের একটি চ্যালেঞ্জ হিসেবেও উল্লেখ করেন তিনি।