মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

রমজান সামনে রেখে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার


রমজান মাসে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে প্রায় ১৮৬ কোটি টাকা।

২৭ জানুয়ারী ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ 

রমজান সামনে রেখে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন রমজান মাসকে সামনে রেখে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ক্রয়ে মোট ব্যয় হবে ১৮৫ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দেশের দুটি প্রতিষ্ঠান থেকে মোট ১০টি লটে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল প্যাকেজ ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে ব্যয় হবে ৯২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। এই প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি লিটার তেলের দাম পড়বে ১৮৫ টাকা ৯৫ পয়সা। 

এ ছাড়া শবনম ভেজিটেবল অয়েল লিমিটেড থেকে টিসিবির জন্য আরও ৫০ লাখ লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৯২ কোটি ৯৫ লাখ টাকা। এই ক্ষেত্রে প্রতি লিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮৫ টাকা ৯০ পয়সা। সরকারি সূত্রগুলো জানিয়েছে, রমজান মাসে বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্থিতিশীল রাখা এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে এই ক্রয় কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।