বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

বাড়িতে লুকিয়ে রাখা টাকা এখন ব্যাংকে জমা পড়ায় কোটিপতি হিসাব বেড়েছে: অর্থ উপদেষ্টা


বাড়ির ভেতরে লুকিয়ে রাখা অর্থ এখন ব্যাংকে জমা দেওয়ার প্রবণতা বৃদ্ধির কারণেই কোটিপতি ব্যাংক হিসাবধারীর সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

৯ ডিসেম্বর ২০২৫, ৯:৫৬ অপরাহ্ণ 

বাড়িতে লুকিয়ে রাখা টাকা এখন ব্যাংকে জমা পড়ায় কোটিপতি হিসাব বেড়েছে: অর্থ উপদেষ্টা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশের ব্যাংক খাতে কোটিপতি হিসাবধারীর সংখ্যা বাড়ার পেছনে ঘরে লুকিয়ে রাখা অর্থ ব্যাংকে জমা দেওয়ার প্রবণতা বাড়াকে একটি কারণ হিসেবে দেখছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গত রবিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের মার্চ প্রান্তিকের তুলনায় জুন প্রান্তিকে কোটিপতি গ্রাহকের সংখ্যা বেড়েছে ৫ হাজার ৯৭৪টি। এরপর জুন থেকে সেপ্টেম্বর- মোট তিন মাসে নতুন করে আরও ৭৩৪টি কোটিপতির ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত হয়েছে।এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “অনেকেই হয়তো অনেকদিন ধরে লুকিয়ে-টুকিয়ে টাকা বাড়িতে রাখছিল। এখন হয়তো নিরাপত্তা ও স্বচ্ছতার কারণে ব্যাংকে জমা দিচ্ছে। লোকজনের কাছে টাকার অভাব আছে- এ কথাও অনেক ক্ষেত্রে সত্য।”

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুন শেষে ব্যাংক খাতে মোট অ্যাকাউন্ট ছিল ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১টি। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়ায় ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭০০টিতে। অর্থাৎ তিন মাসেই খোলা হয়েছে ৫৫ লাখ ৯৪ হাজার ২৯টি নতুন অ্যাকাউন্ট।তিন মাসে ব্যাংক আমানতও বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। জুন শেষে আমানত ছিল ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকা, যা সেপ্টেম্বর শেষে দাঁড়ায় ২০ লাখ ৩১ হাজার ১১৯ কোটি টাকায়- অর্থাৎ বেড়েছে ৩৪ হাজার ৫৩৬ কোটি টাকা।কোটিপতি হিসাবের সংখ্যা বাড়লেও তাদের মোট আমানত কমেছে। জুন শেষে যেখানে এসব অ্যাকাউন্টে জমা ছিল ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকা, সেখানে সেপ্টেম্বর শেষে তা নেমে আসে ৮ লাখ ২১ হাজার ৫৬২ কোটি টাকায়- তিন মাসে কমেছে ৫৯ হাজার ২০৯ কোটি টাকা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দীর্ঘমেয়াদি তথ্য বলছে, স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে কোটিপতি আমানতকারী ছিলেন মাত্র ৫ জন। ১৯৯০ সালে সংখ্যা দাঁড়ায় ৯৪৩টিতে, ২০০৮ সালে ১৯ হাজার ১৬৩টিতে, এবং ২০২০ সালে তা ৯৩ হাজার ৮৯০টিতে পৌঁছে। পরবর্তী বছরগুলোতে এই সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে ২০২৪ সালে দাঁড়ায় এক লাখ ২১ হাজার ৩৬২টিতে। আর চলতি সেপ্টেম্বর শেষে তা বেড়ে হয়েছে এক লাখ ২৮ হাজার ৭০টি।