বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর লিটারে ৬ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম


বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এক লিটার বোতলজাত সয়াবিন তেলের খুচরা মূল্য ১৯৫ টাকা নির্ধারিত হয়েছে, যা সোমবার থেকে কার্যকর হবে।

৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ 

বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর লিটারে ৬ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকের পর ভোজ্যতেলের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। রোববার (৭ ডিসেম্বর) বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়ানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী এক লিটার বোতলজাত সয়াবিন তেল খুচরা পর্যায়ে ১৯৫ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ১৮৯ টাকা। খোলা সয়াবিন তেলের নতুন দাম লিটারপ্রতি ১৭৬ টাকা, পূর্বের মূল্য ছিল ১৭০ টাকা। পাশাপাশি প্রতি লিটার পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা এবং পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য ধরা হয়েছে ৯৫৫ টাকা। দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত আগামী সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

এর আগে গত ১০ নভেম্বর লিটারে ৯ টাকা বাড়ানোর অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল অ্যাসোসিয়েশন। পরে ২৪ নভেম্বর আবারও দাম সমন্বয়ের সুপারিশ করা হয়। তবে দুই দফা আবেদন সত্ত্বেও বাণিজ্য মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি।

মন্ত্রণালয়ের অনুমতি না থাকলেও ব্যবসায়ী সংগঠন একতরফাভাবে লিটারে ৯ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা দামে বোতলজাত সয়াবিন তেল বাজারে ছাড়ে। নতুন মূল্য মোড়কে উল্লেখ করে তেল সরবরাহ করায় ক্রেতাদের বাড়তি দামেই তেল কিনতে হয়।

সরকারকে না জানিয়েই আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো দাম বাড়িয়েছে-এ অভিযোগ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, এ ঘটনায় ব্যবসায়ীদের শোকজ করা হয়। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে দাম সমন্বয় করে লিটারে ৬ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন এ মূল্য সমন্বয়ের ফলে ভোজ্যতেলের বাজারে কিছুটা স্থিতিশীলতা আসবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।