বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট


বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকার নোট আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাজারে ছাড়ছে। সবুজ রঙের আধিক্যসহ ১০টি উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত এই নতুন নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে।

২ ডিসেম্বর ২০২৫, ৯:২০ অপরাহ্ণ 

বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ক হাজার, একশ, পঞ্চাশ ও বিশ টাকার নোটের পর এবার বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এই নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকার নোট আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে বাজারে পাওয়া যাবে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও সরবরাহ করা হবে।

নোটের আকার ও ডিজাইন:
নোটটির দৈর্ঘ্য ১৫২ মিমি এবং প্রস্থ ৬৫ মিমি। সম্মুখভাগের বাম পাশে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার নকশা। নোটের পিছনভাগে মুদ্রিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি।

জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’, এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে "৫০০" সংখ্যা এবং "বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম"। পুরো নোটে সবুজ রঙের আধিক্য দৃশ্যমান।

নিরাপত্তা বৈশিষ্ট্য:
নতুন ৫০০ টাকার নোটটিতে যুক্ত করা হয়েছে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য। এর মধ্যে—

নোটের সম্মুখভাগের ডানদিকের কোণায় থাকা "৫০০" সংখ্যা উন্নতমানের রঙ পরিবর্তনশীল কালি দিয়ে মুদ্রিত। নোটটি নাড়াচাড়া করলে রঙ সবুজ থেকে নীল হয় এবং ভেতরের কোনাকুনি "৫০০" লেখাটি দৃশ্যমান হয়।

বাম পাশে রয়েছে ৪ মিমি চওড়া লাল রঙ ও স্বর্ণালী অংশের পেঁচানো নিরাপত্তা সুতা। নোট নড়াচড়া করলে লাল অংশ সবুজ হয় এবং এতে খচিত "৫০০ টাকা" আলোর বিপরীতে স্পষ্ট দেখা যায়। স্বর্ণালী অংশটি রংধনুর মতো উজ্জ্বল বারের আকারে উপর থেকে নিচে চলমান দেখায়।

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের সম্মুখভাগের ডানদিকের নিচে ৫টি ছোট উঁচু বৃত্ত রাখা হয়েছে, যা স্পর্শে অনুভবযোগ্য।

বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন নিরাপত্তা বৈশিষ্ট্য নকলনোট প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং জনগণের জন্য আরও নিরাপদ ও উন্নত মানের নোট সরবরাহে এটি একটি বড় পদক্ষেপ।