সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বাংলা কিউআর লেনদেনে নতুন প্রণোদনা


বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআরভিত্তিক এনপিএসবি লেনদেনে সংশ্লিষ্ট অ্যাকুয়ারিং ও ইস্যুয়িং প্রতিষ্ঠানকে মোট সর্বোচ্চ ৬ টাকা প্রণোদনা দেওয়া হবে। তবে এই অর্থ সরাসরি গ্রাহক বা বিক্রেতা পাবেন না।

২৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ 

বাংলা কিউআর লেনদেনে নতুন প্রণোদনা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে নতুন প্রণোদনা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআর কোডভিত্তিক এনপিএসবি লেনদেনের বিপরীতে মাসিক ভিত্তিতে প্রণোদনা দেওয়া হবে। এ ক্ষেত্রে অ্যাকুয়ারিং প্রতিষ্ঠান- অর্থাৎ যে প্রতিষ্ঠান লেনদেন সম্পন্ন করে-লেনদেনের ০.১০ শতাংশ হারে সর্বোচ্চ ২ টাকা পাবে।

অন্যদিকে, ইস্যুয়িং প্রতিষ্ঠান- অর্থাৎ গ্রাহকের হিসাব বা কার্ড প্রদানকারী প্রতিষ্ঠান- লেনদেনের ০.২০ শতাংশ হারে সর্বোচ্চ ৪ টাকা প্রণোদনা পাবে। ফলে ২ হাজার টাকার একটি লেনদেনে দুই প্রতিষ্ঠান মিলে মোট ৬ টাকা প্রণোদনা পাবে। একইভাবে, ১ হাজার টাকার লেনদেনে অ্যাকুয়ারিং প্রতিষ্ঠান পাবে ১ টাকা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান পাবে ২ টাকা। তবে এ প্রণোদনার অর্থ সরাসরি গ্রাহক বা বিক্রেতাকে দেওয়া হবে না।

বাংলাদেশ ব্যাংকের এই প্রণোদনার আওতায় থাকছে ব্যক্তিক রিটেইল হিসাবের মাধ্যমে অনবোর্ড করা ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবা প্রদানকারী মার্চেন্ট পয়েন্ট। পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য সব মার্চেন্ট পয়েন্টে সম্পন্ন হওয়া বাংলা কিউআর কোডভিত্তিক এনপিএসবি লেনদেনও এ সুবিধার আওতায় আসবে।

এর আগে, গত ১০ আগস্ট জারি করা পিএসডি-২ সার্কুলার লেটারের অনুচ্ছেদ ২-এ বাংলা কিউআর লেনদেনের জন্য প্রণোদনার বিধান করা হয়েছিল। নতুন সার্কুলারের মাধ্যমে ওই অনুচ্ছেদটি প্রতিস্থাপন করে প্রণোদনার আওতা আরও বাড়ানো হয়েছে।

ফলে এখন ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবা প্রদানকারীদের পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্ট পয়েন্টেও বাংলা কিউআরভিত্তিক এনপিএসবি লেনদেনের ক্ষেত্রে এই প্রণোদনা সুবিধা কার্যকর হবে।