বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

জমির মালিকানা ও দলিলের খুঁটিনাটি: জেনে নিন ৯ ধরণের দলিলের আদ্যোপান্ত


স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিকানা হস্তান্তর, স্বত্ব ত্যাগ কিংবা আইনগত অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে দলিল একটি অপরিহার্য আইনগত প্রমাণপত্র। বাংলাদেশ ভূমি আইন অনুযায়ী জমি সংক্রান্ত লেনদেনে মোট ৯ ধরনের দলিল ব্যবহৃত হয়, যার প্রতিটির উদ্দেশ্য, শর্ত ও আইনগত বৈশিষ্ট্য ভিন্ন।

৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ 

জমির মালিকানা ও দলিলের খুঁটিনাটি: জেনে নিন ৯ ধরণের দলিলের আদ্যোপান্ত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

স্থাবর বা অস্থাবর সম্পত্তির মালিকানা নিশ্চিত করার প্রধান ভিত্তি হলো দলিল। বাংলাদেশে ভূমি আইন অনুযায়ী জমির মালিকানা হস্তান্তর, স্বত্ব ত্যাগ বা অধিকার প্রতিষ্ঠার জন্য মূলত ৯ ধরণের দলিল ব্যবহৃত হয়। সাধারণ মানুষের জমি কেনাবেচা বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে এই দলিলগুলোর পার্থক্য জানা জরুরি।

ভূমি আইন অনুযায়ী ৯ ধরণের দলিল:

১. সাফ-কবলা দলিল: এটি সবচেয়ে পরিচিত দলিল। কোনো ব্যক্তি যখন তার সম্পত্তি অন্যের নিকট সরাসরি বিক্রি করে দলিল রেজিস্ট্রি করে দেন, তাকে সাফ-কবলা বা বিক্রয় কবলা বলা হয়। এই দলিল সম্পন্ন হওয়ার সাথে সাথে বিক্রেতার সমস্ত স্বত্ব বিলুপ্ত হয়ে ক্রেতার ওপর অর্পিত হয়।

২. দানপত্র দলিল: যেকোনো সম্প্রদায়ের ব্যক্তি তার সম্পত্তি দান করতে পারেন। এই দলিলের প্রধান শর্ত হলো এটি সম্পূর্ণ শর্তহীন হতে হবে। দাতার যদি সম্পত্তিতে কোনো দাবি সংরক্ষিত থাকে, তবে সেই দানপত্র বৈধ হবে না।

৩. হেবা দলিল: মুসলিম সম্প্রদায়ের জন্য এই বিশেষ দানপত্র দলিল প্রযোজ্য। কোনো বিনিময়ের আশা না করে কেবল সন্তুষ্ট হয়ে এই দান করা হয়। এটিও শর্তহীন হতে হবে এবং দাতার কোনো স্বার্থ এতে সংরক্ষিত থাকতে পারবে না।

৪. হেবা বিল এওয়াজ: এটিও মুসলিম সম্প্রদায়ের একটি দানপত্র, তবে এটি কোনো কিছুর বিনিময়ে (যেমন- পবিত্র কোরআন, জায়নামাজ, মোহরানার টাকা বা অলঙ্কার) সম্পন্ন হয়। এই দলিল অবশ্যই রেজিস্ট্রি হতে হবে এবং গ্রহীতা হস্তান্তরের পূর্ণ ক্ষমতা পাবেন।

৫. এওয়াজ দলিল: পারস্পরিক সুবিধার জন্য যখন দুজন ব্যক্তি নিজেদের মধ্যে জমি বিনিময় করেন, তাকে এওয়াজ বা পরিবর্তন দলিল বলে। যেমন- 'ক' এর জমি 'খ' এর বাড়ির পাশে এবং 'খ' এর জমি 'ক' এর বাড়ির পাশে হলে তারা নিজেদের মধ্যে জমি বদল করতে পারেন।

৬. বন্টননামা দলিল: শরিকদের মধ্যে সম্পত্তি নিজ নিজ অংশ বা 'ছাহাম' অনুযায়ী ভাগ করে যে দলিল করা হয়, তাকে বন্টননামা বলে। এতে সকল শরিকের স্বাক্ষর থাকতে হয়। আপোষ বন্টন না হলে আদালতের মাধ্যমেও এটি সম্পন্ন করা যায়।

৭. অছিয়তনামা দলিল: কোনো ব্যক্তি তার মৃত্যুর পর সম্পত্তি কাকে দিয়ে যাবেন, তা অছিয়তনামা দলিলের মাধ্যমে ঠিক করতে পারেন। তবে উত্তরাধিকারীদের বঞ্চিত করে কাউকে সম্পত্তি দিলে, গ্রহীতা কেবল এক-তৃতীয়াংশ সম্পত্তির মালিক হবেন; বাকি অংশ উত্তরাধিকারীদের মধ্যে বণ্টিত হবে।

৮. উইল দলিল: হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা তাদের সম্পত্তি যাকে ইচ্ছা উইল করে দিতে পারেন। একজন ব্যক্তি জীবিত অবস্থায় একাধিক উইল করতে পারেন, তবে সর্বশেষ উইলটিই কার্যকর বলে গণ্য হবে।

৯. নাদাবি দলিল: যদি কোনো ব্যক্তি সুনির্দিষ্ট কোনো সম্পত্তিতে তার অধিকার নেই বলে বা অধিকার ত্যাগ করছেন বলে লিখিত ঘোষণা দেন, তবে তাকে নাদাবি দলিল বলে।

ভূমি বিশেষজ্ঞদের মতে, যেকোনো লেনদেনের ক্ষেত্রে দলিলের প্রকৃতি সঠিকভাবে বুঝে এবং সঠিক সরকারি স্ট্যাম্পে রেজিস্ট্রি করা হলে ভবিষ্যতে আইনি জটিলতা এড়ানো সম্ভব।