শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

প্লট জালিয়াতি মামলার রায় আজ


পূর্বাচল নতুন শহর প্রকল্পে জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দ–এমন অভিযোগে দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করবেন ঢাকার বিশেষ জজ-৪-এর বিচারক রবিউল আলম। মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ভাতিজি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ১৭ জন। প্রসিকিউশন সব আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছে।

১ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ণ 

প্লট জালিয়াতি মামলার রায় আজ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলার রায় আজ ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম আজ বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য করেছেন। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দে প্রভাব খাটাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপ দেন যুক্তরাজ্যের লেবার পার্টির তৎকালীন মন্ত্রী টিউলিপ রিজওয়ানা সিদ্দিক।

দুদক সূত্র জানায়, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক তাঁর মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দ নিশ্চিত করতে শেখ হাসিনা ও তৎকালীন একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিনকে ফোনে চাপ দেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে এসব প্লট বরাদ্দ দেন এবং পরে সংশ্লিষ্ট বরাদ্দ–সংক্রান্ত নথি গায়েব করার অভিযোগও রয়েছে।

দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান জানান, শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যদের মোট ছয়টি প্লট ‘জালিয়াতির মাধ্যমে’ নেওয়ার অভিযোগ সাক্ষ্যে স্পষ্ট হয়েছে। যদিও টিউলিপ নিজের নামে কোনো প্লট নেননি, তবে বরাদ্দ প্রক্রিয়ায় তাঁর প্রভাব খাটানোর প্রমাণ সাক্ষ্য-প্রমাণে এসেছে।

মামলায় মোট ১৭ জন আসামি। অন্য আসামিদের মধ্যে রয়েছেন—গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এদের মধ্যে খুরশীদ আলম একমাত্র আসামি হিসেবে কারাগারে থাকলেও বাকি সবাই পলাতক।

শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগ—ঢাকায় সম্পত্তি থাকা সত্ত্বেও তা গোপন করে পূর্বাচলে ১০ কাঠার প্লট নেওয়া। অভিযোগপত্রে বলা হয়েছে, টিউলিপের ‘বিশেষ প্রভাব’ ও সহযোগিতায় শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ দেন।

দুদকের উপপরিচালক সালাহউদ্দিন ১৩ জানুয়ারি মামলাটি দায়ের করেন এবং তদন্ত শেষে ১০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারকাজে মোট ৩২ জন সাক্ষ্য দিয়েছেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পর ২৭ নভেম্বর শেখ হাসিনাকে প্লট বরাদ্দে জালিয়াতির তিন মামলায় মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল পৃথক দুই মামলায় পাঁচ বছর করে সাজাপ্রাপ্ত হয়ে পলাতক রয়েছেন।

আজকের রায়ের মাধ্যমে বহুল আলোচিত প্লট জালিয়াতি মামলার ভাগ্য নির্ধারণ হবে।