শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে যুবক আটক


রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে অর্ণব দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিষিদ্ধ কার্যক্রমে থাকা যুবলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

১৫ আগস্ট ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ 

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে যুবক আটক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে অর্ণব দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটক ব্যক্তির নাম অর্ণব দাস। তার বাড়ি টাঙ্গাইলে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সোয়া ১০টার দিকে অর্ণব দাস ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যান। এ সময় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ধানমন্ডি থানায় নেওয়া হয়। এদিকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকেই সেখানে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, এখন পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পুরো এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। সাধারণ মানুষকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এলাকাটিতে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত রয়েছে। এবার ১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে।