শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ভোটকেন্দ্রের সব তথ্য মিলবে মোবাইলে, ইসির নতুন অ্যাপ ‘স্মার্ট ইলেকশন বিডি’


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটারদের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে নতুন মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ভোটকেন্দ্র ও নির্বাচনসংক্রান্ত নানা তথ্য জানতে পারবেন ভোটাররা।

৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ অপরাহ্ণ 

ভোটকেন্দ্রের সব তথ্য মিলবে মোবাইলে, ইসির নতুন অ্যাপ ‘স্মার্ট ইলেকশন বিডি’
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের ভোগান্তি কমাতে এবং তথ্যপ্রাপ্তি সহজ করতে নতুন ডিজিটাল সেবা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ভোটাররা মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের নির্ধারিত ভোটকেন্দ্র সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন।

মঙ্গলবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, কমিশনের উদ্যোগে চালু হওয়া অ্যাপটির নাম ‘স্মার্ট ইলেকশন বিডি’। অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে উন্মুক্ত করা হয়েছে।

এই অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে ভোটাররা সহজেই নিজেদের ভোটকেন্দ্র খুঁজে বের করতে পারবেন। এতে ভোটকেন্দ্রের নাম ও ঠিকানার পাশাপাশি জিও লোকেশন, ম্যাপ এবং ভোটারের বর্তমান অবস্থান থেকে কেন্দ্রের দূরত্ব দেখার সুবিধা রয়েছে। এছাড়া ভোটকেন্দ্রের ছবি ও নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাও পাওয়া যাবে।

শুধু ভোটকেন্দ্রের তথ্যই নয়, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে অ্যাপটিতে যুক্ত করা হয়েছে প্রার্থীদের বিস্তারিত তথ্য। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্যের পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা দেখার সুযোগও থাকবে। এর ফলে ভোটাররা প্রার্থীদের যোগ্যতা ও সম্পদের তথ্য জেনে সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন।

ইসি আরও জানায়, নির্বাচনের দিন ও পরবর্তী সময়ে নির্বাচনী ফলাফলও সরাসরি এই অ্যাপের মাধ্যমে দেখা যাবে। এতে ফলাফল প্রকাশে স্বচ্ছতা বাড়বে এবং সাধারণ মানুষ দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পাবে। এই ডিজিটাল উদ্যোগের ফলে ভোটারদের ভোগান্তি কমবে এবং বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ভোটের প্রতি আগ্রহ বাড়বে বলে আশা করছে নির্বাচন কমিশন।