মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ওপেনএআইকে টক্কর দিতে গুগলের নতুন এআই মডেল ‘আর্গন’


কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতায় অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের সঙ্গে পাল্লা দিতে নতুন ফ্ল্যাগশিপ মডেল ‘আর্গন’ উন্মোচন করেছে গুগল। প্রতিষ্ঠানটির দাবি, জটিল সফটওয়্যার প্রকৌশল, ব্যবসায়িক কাজ ও সাইবার নিরাপত্তায় এটি গুগলের এখন পর্যন্ত সবচেয়ে সক্ষম এআই মডেল।

২ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ 

ওপেনএআইকে টক্কর দিতে গুগলের নতুন এআই মডেল ‘আর্গন’
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন ফ্ল্যাগশিপ এআই মডেল ‘আর্গন’ প্রকাশ করেছে গুগল।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উন্মোচন করা মডেলটি গুগলের পরবর্তী প্রজন্মের জেমিনি ৪ সিরিজের প্রধান মডেল হিসেবে কাজ করবে। তবে আপাতত সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করছে না প্রতিষ্ঠানটি। গুগলের ভাষ্য, আর্গন আগের প্রজন্মের উন্নত ‘প্রো’ মডেলগুলোর তুলনায় বড় এবং জটিল কাজ সামলানোর ক্ষেত্রে আরও সক্ষম। বিশেষ করে সফটওয়্যার প্রকৌশল, ব্যবসায়িক জ্ঞানভিত্তিক কাজ এবং সাইবার নিরাপত্তাকে মডেলটির গুরুত্বপূর্ণ ব্যবহারক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ কোডিং ও সাইবার নিরাপত্তা পরীক্ষায় আর্গনের পারফরম্যান্স ওপেনএআইয়ের ‘অ্যাস্ট্রা’ এবং অ্যানথ্রপিকের ‘অপাস’-এর কাছাকাছি। গুগলের প্রকাশিত বেঞ্চমার্ক অনুযায়ী, কিছু শিল্পভিত্তিক পরীক্ষায় নতুন মডেলটি প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর চেয়েও ভালো ফল করেছে। তবে সব পরীক্ষায় আর্গন এগিয়ে নেই। কোডিং-সংক্রান্ত চারটি বেঞ্চমার্কের মধ্যে দুটি পরীক্ষায় প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর পেছনে ছিল এটি। ফলে বিভিন্ন ধরনের কাজে মডেলটির সক্ষমতা একরকম নয় বলেও গুগলের প্রকাশিত ফলাফলে দেখা গেছে।

প্রাথমিক পর্যায়ে আর্গন নির্বাচিত সাইবার নিরাপত্তা অংশীদারদের ব্যবহারের জন্য দেওয়া হচ্ছে। একই সঙ্গে মডেল প্রকাশের আগে পরীক্ষামূলক প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে মার্কিন সরকারের একটি স্বেচ্ছাসেবী প্রক্রিয়াতেও অংশ নিচ্ছে গুগল। তবে সাধারণ ব্যবহারকারীরা কবে থেকে আর্গন ব্যবহার করতে পারবেন, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি প্রতিষ্ঠানটি।

এদিকে গুগল জানিয়েছে, আগে আলোচনায় থাকা জেমিনি ৩.৫ প্রো আর প্রকাশ করা হবে না। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই চলতি বছরের জুনে ওই মডেল প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এর মধ্যে গুগলের এআই গবেষণাকেন্দ্র ডিপমাইন্ডেও নেতৃত্ব ও জনবলে পরিবর্তন এসেছে। অন্যদিকে, গুগলের নতুন মডেল প্রকাশে বিলম্বের সময়টিতে অ্যানথ্রপিক ও ওপেনএআই একাধিক নতুন মডেল উন্মোচন করে এআই গবেষণায় প্রতিযোগিতা আরও বাড়িয়েছে।

আর্গন উন্মোচনের মাধ্যমে সেই প্রতিযোগিতায় গুগল আবারও নিজেদের সক্ষমতা দেখানোর চেষ্টা করছে। তবে মডেলটি এখনো সীমিত পরিসরে ব্যবহারের জন্য থাকায় এর বাস্তব সক্ষমতা সাধারণ ব্যবহারকারীদের হাতে পৌঁছানোর পর আরও স্পষ্ট হবে।

সূত্র: রয়টার্স