মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
বিস্ফোরণের আতঙ্ক •

নিরাপত্তা শঙ্কার মধ্যেও রোনালদোর গোল, আল নাসরের দুর্দান্ত জয়


নিরাপত্তা জনিত কারণে এক ঘণ্টা পিছিয়ে শুরু হওয়া এশিয়ান চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচে নেফচি ফেরগানাকে ৩–১ গোলে হারিয়েছে আল নাসর। দলের হয়ে গোল করেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও ক্রিস্টিয়ানো রোনালদো, অন্য গোলটি আসে আত্মঘাতী থেকে। এই গোলের মধ্য দিয়ে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা দাঁড়ায় ৯৮১। জয়ের পর সৌদি আরবের প্রতীক ও স্কার্ফ নিয়ে তাঁর অঙ্গভঙ্গিও আলোচনায় এসেছে।

১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ 

নিরাপত্তা শঙ্কার মধ্যেও রোনালদোর গোল, আল নাসরের দুর্দান্ত জয়
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রিয়াদে নিরাপত্তা শঙ্কায় এক ঘণ্টা পিছিয়ে যায় ম্যাচের সূচনা। শহরে একাধিক বিস্ফোরণের শব্দ এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করার খবরের মধ্যেই মাঠে নামে আল নাসর ও উজবেকিস্তানের ক্লাব নেফচি ফেরগানা। তবে বাইরের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মাঠের খেলায় প্রভাব ফেলতে পারেনি। ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ এলিটে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে সৌদি ক্লাব আল নাসর।

গতকাল রাতে রিয়াদের আল-আওয়াল পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। হুতি বিদ্রোহীদের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার কথা জানায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। পরে সৌদি নাগরিক সুরক্ষা বাহিনীর নিরাপত্তা সতর্কবার্তার পর ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। এ সময় রিয়াদে অন্তত তিনটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানা গেছে।

ম্যাচ শুরুর অপেক্ষায় স্টেডিয়ামে অল্পসংখ্যক দর্শক ও দুই দলের খেলোয়াড়েরা অবস্থান করছিলেন। পরে স্টেডিয়ামের মাইকে পরিস্থিতি নিরাপদ বলে ঘোষণা দেওয়ার পর খেলা শুরু হয়।

মাঠে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর। ম্যাচের ৩০ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে এগিয়ে যায় সৌদি ক্লাবটি। প্রথমার্ধের ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক রোনালদো। এই গোলের মধ্য দিয়ে পেশাদার ক্যারিয়ারে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় ৯৮১। ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়ার পর এটি তাঁর ১৩৪তম গোল।

বিরতির পর ৫১ মিনিটে একটি গোল শোধ করে নেফচি ফেরগানা। তবে ৭৮ মিনিটে আত্মঘাতী গোল করে বসে উজবেকিস্তানের ছয়বারের চ্যাম্পিয়ন দলটি। ফলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

গত ১৫ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আল আইনের কাছে ৪-০ গোলে হেরেছিল আল নাসর। সেই হতাশা কাটিয়ে এশিয়ার শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় এটি দলটির প্রথম জয়। একই সঙ্গে কোচ অ্যাঞ্জ পোস্তেকগ্লুর অধীনেও প্রতিযোগিতাটিতে প্রথম জয়ের দেখা পেল দলটি।

এর আগে আল আইনের বিপক্ষে হারের পর আন্তর্জাতিক ফুটবলে আলোচনায় আসেন ৪১ বছর বয়সী রোনালদো। পর্তুগালের কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধের জেরে উয়েফা নেশনস লিগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আল নাসরে ফিরে আসেন তিনি। পরে সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করেন এই পর্তুগিজ তারকা। গত শনিবার পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) জানায়, রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টি তদন্ত কমিটির কাছে পাঠানো হয়েছে।

এদিকে আল নাসরের জয়ের পর রোনালদোর একটি বিশেষ মুহূর্তও নজর কেড়েছে সমর্থকদের। বেঞ্চে বসে থাকা অবস্থায় ক্লাবের জার্সিতে সৌদি আরবের জাতীয় প্রতীকসংবলিত লোগোয় চুমু খান তিনি। পাশাপাশি গ্যালারির দর্শকদের উদ্দেশে সৌদি আরবের স্কার্ফও উঁচিয়ে ধরেন পর্তুগিজ কিংবদন্তি।

রিয়াদে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রোনালদোর এই অঙ্গভঙ্গি বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন অনেকে। মাঠের পারফরম্যান্সে গোল করে দলকে জেতানোর পাশাপাশি সৌদি আরবের প্রতি তাঁর এই প্রকাশ্য সমর্থনও আলোচনায় এসেছে।