দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নৌবন্দরে ১ নম্বর সতর্কতা
২৮ আগস্ট ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
তিন বছর ধরে পাকিস্তানের কারাগারে বন্দি দেশটির কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরই মধ্যে একাধিক মামলায় কারাদণ্ডও পেয়েছেন তিনি। পরিবারের অভিযোগ, কারাগারে থাকা ইমরান ঠিকমতো পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না।
এমন পরিস্থিতিতে ইংলিশ সংবাদমাধ্যম স্কাইয়ের এক সাক্ষাৎকারে কথা বলেছেন ইমরান খানের দুই ছেলে কাসিম খান ও সুলাইমান খান। তাদের সেই সাক্ষাৎকার সম্প্রচারকে কেন্দ্র করে ইংল্যান্ডের বিপক্ষে চলমান লর্ডস টেস্ট বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলাকালে স্কাই সাক্ষাৎকারটি সম্প্রচারে কিছুটা বিলম্ব করে। তবে শেষ পর্যন্ত প্রায় ১৮ মিনিটের সাক্ষাৎকারটি প্রচার করা হয়। আর তাতেই ক্ষোভ প্রকাশ করে পিসিবি।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটনের নেওয়া সাক্ষাৎকারটি যখন স্কাইয়ে সম্প্রচার হচ্ছিল, তখন পাকিস্তানের খেলোয়াড়রা বিকেলের সেশনের প্রস্তুতি হিসেবে মাঠে ওয়ার্ম-আপ শুরু করে দিয়েছিলেন। পরে খেলা শুরুর সময় নিয়ে সামান্য বিলম্বের শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত নির্ধারিত নিয়মেই মাঠে গড়ায় ম্যাচ। এর আগে স্কাই স্পোর্টসে ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার প্রচার করা হলে লর্ডসে মধ্যাহ্নভোজের বিরতির পর পাকিস্তান দল আর মাঠে ফিরবে না বলে হুমকি দিয়েছিল পিসিবি।
পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি একইসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন। ধারণা করা হচ্ছে, পাকিস্তান সরকারের সমালোচকদের প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় সাক্ষাৎকারটি নিয়ে অসন্তুষ্ট ছিল পিসিবি কর্তৃপক্ষ।
ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নবিরতিতে সাক্ষাৎকারটি প্রচার করে স্কাই। লর্ডসের প্যাভিলিয়নে আগে ধারণ করা ওই সাক্ষাৎকারের পটভূমিতেও ছিল ইমরান খানের স্মৃতি। সেখানে তার একটি প্রতিকৃতি ঝুলতে দেখা যায়।
ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথের সঙ্গে দাম্পত্য জীবনের দুই সন্তান কাসিম ও সুলাইমান খান সাক্ষাৎকারে অভিযোগ করেন, কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রীকে ‘হত্যার চেষ্টা’ করছে পাকিস্তান সরকার। তারা দাবি করেন, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও চিকিৎসার ক্ষেত্রেও নানা বাধার মুখে পড়ছেন ইমরান।
২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক মামলায় জড়িয়ে পড়েন ইমরান খান। পরে বিভিন্ন অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে দীর্ঘ সময় ধরে তিনি বন্দি রয়েছেন। বর্তমানে ৭৩ বছর বয়সী ইমরান খান ২০১৮ সালে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ক্ষমতায় আসার পর দেশটির প্রধানমন্ত্রী হন। তবে রাজনীতিতে প্রবেশের আগেই ক্রিকেট বিশ্বে কিংবদন্তি হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করেন তিনি।
পাকিস্তানের হয়ে ৮৮টি টেস্ট ম্যাচ খেলেছেন ইমরান। তার নেতৃত্বেই ১৯৯২ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় পাকিস্তান। ক্রিকেট, রাজনীতি ও ব্যক্তিজীবন- সব মিলিয়ে বর্ণাঢ্য ও ঘটনাবহুল জীবনের অধিকারী এই সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক এখন আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে, এবার তার দুই ছেলের সাক্ষাৎকারকে ঘিরে।